বাংলা হান্ট ডেস্কঃ শ্রীভূমির পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সুজিত বসুর (Sujit Bose) নাম। একসময় শ্রীভূমির পুজোকে ‘সুজিত বসুর পুজো’ বলেই চিনতেন অনেকে। তবে এই বছর তিনি জেলবন্দি। ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন তিনি।
পুজোর মধ্যেই জেলমুক্তি সুজিতের? | (Sujit Bose)
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ভোটের ফলাফল প্রকাশের সপ্তাহখানেকের মাথায় তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর প্রায় পাঁচ মাস কেটে গেলেও সুজিতের জেলমুক্তি হয়নি।
আরও পড়ুনঃ মিটারে এই আলো জ্বললে চড়চড় করে বাড়তে পারে ইলেকট্রিক বিল! কী করতে হবে জানুন
গত ১৩ অক্টোবর সুজিতের জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, বর্তমানে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত যে পর্যায়ে রয়েছে, সেই পরিস্থিতিতে সুজিতকে জামিন দেওয়া যাবে না। তাতে তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে।
প্রথমে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে প্রাক্তন মন্ত্রীর জামিন সংক্রান্ত মামলার শুনানি চলছিল। তবে শুনানির পর তিনি রায়দান স্থগিত রেখেছিলেন। এরপর সুজিতের জামিন মামলা থেকে তিনি সরে দাঁড়ান। এরপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই মামলা চলে যায়।
তবে গত মঙ্গলবার বিচারপতি ঘোষ স্পষ্ট জানান, এই মুহূর্তে সুজিতকে জামিন দেওয়া যাবে না। তাতে পুর নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। এবার জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মন্ত্রী।

তবে জানা গিয়েছে, পুজোর মধ্যে সুজিতের জামিন পাওয়ার সম্ভাবনা নেই। কারণ সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পুজোর ছুটি কাটিয়ে আদালত খুলতে এই মামলার শুনানি হবে। প্রাক্তন মন্ত্রীর দ্রুত শুনানির আবেদনও গ্রহণ করেনি শীর্ষ আদালত। ফলে পুজোর ছুটি শেষ হওয়া অবধি তাঁকে অপেক্ষা করতেই হবে।
গত ১১ মে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সুজিত বসু। এরপর থেকে জেলেই রয়েছেন তিনি। কলকাতা হাইকোর্ট জামিনের আবেদন খারিজ করার পর সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী। শীর্ষ আদালতে কী হয় সেটাই দেখার।














