পর্যটকদের সুবিধায় দিঘার বিচ থেকে হকার উচ্ছেদ! বড় সিদ্ধান্ত উন্নয়ন পর্ষদের

Published on:

Published on:

Hawkers banned in Digha sea beach by State Government

বাংলা হান্ট ডেস্কঃ দিঘার (Digha) সমুদ্র সৈকতে জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন অনেকে। তবে এবার থেকে তা আর চলবে না। পর্যটকদের সুবিধায় দিঘার সমুদ্র সৈকত হকার (Hawker) মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক।

পর্যটকদের সুবিধায় দিঘায় বড় বদল | (Digha)

সৈকত শহরকে আরও বেশি পর্যটকবান্ধব করে তুলতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে পর্ষদ। এবার পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সমুদ্র সৈকত হকার মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হল। ইতিমধ্যেই এই বিষয়ে ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

Digha

এই বিষয়ে প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। এবার থেকে আর দিঘার সমুদ্র সৈকতে ব্যবসা করতে দেওয়া হবে না। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি পর্যটকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্য পুলিশের শারীরিক সক্ষমতা বাড়াতে থানায় থানায় জিম! জারি করা হল বিজ্ঞপ্তি

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক তথা দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক ধুমাল প্রতীক অশোক জানান, দিঘায় পর্যটকের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। তাঁদের অনেকেই সৈকত সরণি দিয়ে চলাফেরার অসুবিধার অভিযোগ জানাচ্ছিলেন। পর্যটকদের যাতে সমুদ্র সৈকতে চলাফেরা করতে কোনও সমস্যা না হয়, সেটা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

বাংলার জনপ্রিয়তম পর্যটনকেন্দ্রগুলির মধ্যে একটি দিঘা। রাজ্যের নানা প্রান্ত তো বটেই, দেশ-বিদেশের অনেক পর্যটকও এখানে ছুটে আসেন। ইতিমধ্যেই দিঘা ও শঙ্করপুরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে দিঘাকে আরও বেশি পর্যটকবান্ধব করে তুলতে সমুদ্র সৈকত হকার মুক্ত করার সিদ্ধান্ত নিল পর্ষদ। হোটেল মালিক ও পর্যটকরা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্থানীয় হকারদের মধ্যে এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বলে খবর। তাঁদের অভিযোগ, কোনও বিকল্পের কথা না ভেবেই তাঁদের তুলে দিচ্ছে প্রশাসন।