বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ফুটবলের ইতিহাসে এবার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হল। যার সাক্ষী হয়ে থাকল কলকাতা। মূলত, কলকাতায় (Kolkata) চালু হয়েছে এশিয়ার প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সিলেন্স। যার মাধ্যমে ফুটবলের দুনিয়ায় অন্যতম শক্তিশালী দেশ আর্জেন্টিনার (Argentina) ফুটবলের (Football) পদ্ধতি, মূল্যবোধ এবং সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি প্রশিক্ষণের পাঠও মিলবে। মূলত, আমুজি স্পোর্টসের সঙ্গে যুক্ত হয়ে এই উদ্যোগে রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তথা AFA অনুমোদিত কর্মসূচি AFA ইন্টারন্যাশনাল। জানিয়ে রাখি যে, কলকাতায় স্থির ফিজিক্যাল ও ডিজিটাল স্পোর্টস ইকোসিস্টেম আমুজি স্পোর্টস এই আন্তর্জাতিক ফুটবল উন্নয়ন কর্মসূচিকে ভারতে নিয়ে আসার উদ্যোগের নেতৃত্ব দিয়েছে এবং দেশজুড়ে এর প্রসারে অন্যতম চালিকাশক্তি হিসাবে কাজ করবে। গত ১৩ নভেম্বর অর্থাৎ শুক্রবার কলকাতায় এই কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা সম্পন্ন হয়েছে।
কলকাতায় (Kolkata) এশিয়ার প্রথম আর্জেন্টাইন ফুটবল সেন্টার অফ এক্সিলেন্সের সূচনা!
জানিয়ে রাখি যে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্থানীয় অংশীদার ক্লাবগুলির সঙ্গে স্কুল ও অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা, যেখানে বিভিন্ন বয়সের খেলোয়াড়রা AFA ইন্টারন্যাশনাল দ্বারা প্রশিক্ষিত কোচদের অধীনে আর্জেন্টাইন জাতীয় দলের পদ্ধতি অনুসরণ করে প্রশিক্ষণ পাবে। এই কর্মসূচির মধ্যে রয়েছে ইনটেনসিভ ট্রেনিং সেশন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়ে ফুটবলের বাস্তব অভিজ্ঞতা, অনূর্ধ্ব-১০ থেকে অনূর্ধ্ব-২০ বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং পেশাদার বিকাশের পথ। এছাড়াও, অফিসিয়াল স্থান এবং অংশীদার ক্লাবগুলিতে ইভ্যালুয়েশন সেশনের মাধ্যমে, প্রতিশ্রুতিশীল তরুণ খেলোয়াড়রা আর্জেন্টিনায় প্রশিক্ষণ ও পরিচিতি লাভের জন্য শর্টলিস্টেড হওয়ার সুযোগও পাবে।

উল্লেখ্য যে, এই উদ্বোধনী অনুষ্ঠানে এএফএ ইন্টারন্যাশনালের তরফে একটি প্রতিনিধিদল কলকাতায় এসেছিল। যার নেতৃত্বে ছিলেন সংস্থাটির কমার্শিয়াল অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস ডিরেক্টর, মেথডোলজি কোঅর্ডিনেটর এবং লোকাল মেথডোলজি লিড। অনুষ্ঠানের একটি অন্যতম আকর্ষণ ছিল বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যের সঞ্চালনায় AFA ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলকে নিয়ে আয়োজিত একটি বিশেষ ফায়ারসাইড চ্যাট। এই আকর্ষণীয় আলোচনাটি ভারতে উদ্যোগটি আনার নেপথ্যে দৃষ্টিভঙ্গি সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। যেখানে তুলে ধরা হয়, কীভাবে আর্জেন্টিনার প্রশংসিত ফুটবল দর্শন AFA ইন্টারন্যাশনালের মাধ্যমে নতুন বাজারে পৌঁছেছে এবং এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আমুজি স্পোর্টস কীভাবে ভারতে একটি টেকসই ফুটবল উন্নয়ন প্ল্যাটফর্ম তৈরি করতে চায়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তাপস রায় এবং বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরী। এছাড়াও, এই অনুষ্ঠানে ভারতীয় ফুটবলের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। যাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক প্রদীপ চৌধুরী, শ্যাম থাপা, জামশেদ নাসিরি, আলভিতো ডি’কুনহা, মেহতাব হোসেন, অমিত ভদ্র, অতনু ভট্টাচার্য, মিহির বোস এবং ক্রম্পটন দত্ত-সহ ক্রীড়া জগতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! গোল্ড রিজার্ভেও ঊর্ধ্বগতি, সামনে এল পরিসংখ্যান
AFA ইন্টারন্যাশনাল: জানিয়ে রাখি যে, AFA ইন্টারন্যাশনাল হলো আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তথা AFA দ্বারা সমর্থিত একটি অফিসিয়াল কর্মসূচি। যার মূল লক্ষ্য আর্জেন্টাইন ফুটবলের আন্তর্জাতিক সম্প্রসারণ এবং খেলোয়াড়দের উন্নয়ন। আর্জেন্টাইন ফুটবলের পদ্ধতি, মূল্যবোধ এবং সংস্কৃতির ওপর ভিত্তি করে, এটি AFA ইন্টারন্যাশনাল দ্বারা প্রশিক্ষিত কোচদের নিয়ে অ্যাকাডেমি, স্কুল এবং বিভিন্ন কর্মসূচির একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ককে একত্র করে।

আরও পড়ুন: মাত্র ৫ টি গাড়ি দিয়েই করা যাবে শুরু! Car Rental Business-এর ক্ষেত্রে নতুন পরিকল্পনা সরকারের
আমুজি স্পোর্টস: এদিকে, আমুজি স্পোর্টস হল একটি অত্যাধুনিক ক্রীড়া ও স্পোর্টস-টেক কোম্পানি যা প্রযুক্তিকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করে। এর ‘ফিজিক্যাল’ পদ্ধতি আমুজি স্পোর্টস ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রীড়া শিক্ষাকে আরও উন্নত করে। এটি অন-ডিমান্ড এবং লাইভ কন্টেন্টের জন্য একটি ইন্টারেক্টিভ হাব হিসাবে বিবেচিত হয়। যা কমিউনিটি ও বাণিজ্যকে সংযুক্ত করে। শীর্ষস্থানীয় ব্রডকাস্টিং পার্টনারদের সঙ্গে আমুজি স্পোর্টস ফিজিক্যাল এবং ই-স্পোর্টস উভয় ইভেন্টের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদান করে। যার মূল লক্ষ্য হল উদ্ভাবনী অ্যাকাডেমি এবং স্কুলের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের উন্নত করা।












