বাংলা হান্ট ডেস্কঃ উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কবে হবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন পরীক্ষার্থীরা। আগে ঠিক ছিল, ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা শুরু হবে। কিন্তু জনগণনার কাজের জন্য সেই সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। এবার নতুন করে পরীক্ষার দিন ঠিক করার প্রস্তাব দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রস্তাবে বলা হয়েছে, আগামী ১৯ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হোক। এই প্রস্তাব ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে।
কেন পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক (Higher Secondary)?
২০২৭ সালের জানুয়ারি মাস থেকে দেশজুড়ে জনগণনার কাজ শুরু হবে। প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন কর্মীরা। এই কাজ চলবে আগামী ১ মার্চ পর্যন্ত। এই কাজে বহু স্কুলশিক্ষককে দায়িত্ব দেওয়া হবে।অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) চতুর্থ সেমিস্টারের লিখিত পরীক্ষা ও প্র্যাকটিকাল পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় অনেক শিক্ষক জনগণনার কাজে ব্যস্ত থাকবেন। ফলে পরীক্ষার সময় শিক্ষক ও পরীক্ষক পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। এই কারণেই জনগণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা না নেওয়ার অনুরোধ জানানো হয়।

১৯ মার্চ থেকে পরীক্ষা নেওয়ার প্রস্তাব
এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং স্কুলশিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
আরও পড়ুনঃ বাংলায় তৈরি হবে ক্যাম্পা কোলার কারখানা! বড় ঘোষণা শুভেন্দুর
এবার উচ্চ মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের তরফে নতুন পরীক্ষার সূচি প্রস্তাব করা হয়েছে। ১৯ মার্চ থেকে পরীক্ষা শুরু করে ১৩ এপ্রিল পর্যন্ত তা চালানোর কথা বলা হয়েছে। এই প্রস্তাব শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয়েছে। তবে এখনও চূড়ান্ত পরীক্ষার সূচি ঘোষণা করা হয়নি।
পিছিয়েছে মাধ্যমিক পরীক্ষাও
জনগণনার কাজের জন্য শুধু উচ্চ মাধ্যমিক (Higher Secondary) নয়, পিছিয়ে দেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষাও। আগে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় বহু শিক্ষক জনগণনার কাজে যুক্ত থাকবেন। ফলে স্কুলগুলিতে পরীক্ষার জন্য পর্যাপ্ত শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়ে সমস্যা হতে পারে।
এই আশঙ্কা থেকেই মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেই পরীক্ষার সূচিতেও পরিবর্তন করা হয়। এখন উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) চতুর্থ সেমিস্টারের নতুন পরীক্ষার সূচি নিয়ে শিক্ষা দপ্তরের সিদ্ধান্তের অপেক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকরা।












