কলকাতায় পার্কিং সমস্যা মেটাতে বড় উদ্যোগ! তৈরি হবে আরও ২২টি পার্কোম্যাট, আসছে নতুন অ্যাপ

Published on:

Published on:

Kolkata Police Plans 22 New Parking Facilities Launches Parking App

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেই অনেক সময় পার্কিংয়ের জায়গা খুঁজতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে অফিসের সময় শহরের ব্যস্ত এলাকাগুলিতে গাড়ি রাখার জায়গা পাওয়া বেশ কঠিন। জায়গা না পেয়ে অনেকেই রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখেন। এতে যানজটও বাড়ে। এই সমস্যা কমাতে এবার নতুন পরিকল্পনা করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরে আরও ২২টি পার্কোম্যাট তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি গাড়ি ও বাইক চালকদের সুবিধার জন্য একটি নতুন অ্যাপও তৈরি করা হচ্ছে।

Kolkata Police : শহরে বাড়ছে গাড়ি, পার্কিংয়ের জায়গা কম

কলকাতা পুলিশের (Kolkata Police) হিসাব অনুযায়ী, শহরে বর্তমানে ২৮৯টি বৈধ পার্কিংয়ের জায়গা রয়েছে। কিন্তু প্রতিদিন যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে, তাতে এই জায়গা যথেষ্ট নয়। বিশেষ করে মধ্য কলকাতা, উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং নিয়ে সমস্যা বেশি। দিনের বেলায় অফিসের সময় তো বটেই, রাতেও অনেক গাড়ি রাস্তার ধারে নিয়ম না মেনে রাখা হয়। এর ফলে যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে। বর্তমানে পার্ক স্ট্রিটের রডন স্ট্রিট, নিউ মার্কেট, মহাকরণের উলটো দিকে এবং আলিপুরে পার্কোম্যাট রয়েছে। কিন্তু তাতেও শহরের পার্কিং সমস্যা মিটছে না।

Kolkata Parking Goes Digital Before Durga Puja

আরও ২২টি জায়গায় পার্কোম্যাট তৈরির প্রস্তাব

লালবাজার সূত্রে খবর, আগামী দিনে কলকাতায় গাড়ির সংখ্যা আরও বাড়বে। অথচ শহরের মাত্র ৬ শতাংশ জায়গা রাস্তা হিসেবে ব্যবহার করা যায়। দেশের অন্য শহরগুলিতে এই পরিমাণ ১২ থেকে ১৫ শতাংশ। ফলে কলকাতায় রাস্তার জায়গা এমনিতেই কম। তার উপর রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ের কারণে যানজটের সমস্যা বাড়ছে।

আরও পড়ুনঃ নতুন করে বিপাকে অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়! রক্ষাকবচের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট

এই সমস্যা কমাতে নতুন পার্কোম্যাট এবং মাল্টি লেভেল কার পার্কিং তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর জন্য কলকাতার ২৬টি ট্রাফিক গার্ডকে নিজেদের এলাকায় উপযুক্ত জমি খুঁজতে বলা হয়েছিল। সেই মতো বিভিন্ন জায়গার তথ্য লালবাজারে জমা পড়ে। সেখান থেকে মোট ২২টি জায়গা বেছে নেওয়া হয়েছে। এই জায়গাগুলিতে পার্কোম্যাট ও মাল্টি লেভেল কার পার্কিং তৈরির প্রস্তাব নগরোন্নয়ন দপ্তরের কাছে পাঠানো হয়েছে।

এবার নগরোন্নয়ন দপ্তর ওই জায়গাগুলি নিয়ে নতুন করে সমীক্ষা করবে। তারপর এই বিষয়ে লালবাজারের আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে।

নতুন অ্যাপে আগেই জানা যাবে কোথায় পার্কিংয়ের জায়গা খালি

পার্কিংয়ের সমস্যা কমাতে নতুন একটি অ্যাপও তৈরি করছে কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুরসভার সঙ্গে মিলেই এই কাজ করা হচ্ছে। শহরের প্রতিটি পার্কিংয়ের জায়গা সম্পর্কে বিস্তারিত তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে।

অ্যাপটি চালু হলে গাড়ি বা বাইক নিয়ে বেরোনোর আগেই চালকরা জানতে পারবেন, কোন পার্কিংয়ে কতগুলি গাড়ি বা বাইক রাখার জায়গা রয়েছে। এমনকী, এক ঘণ্টা আগেও কোন পার্কিংয়ে জায়গা খালি রয়েছে, সেই তথ্য পাওয়া যাবে। ফলে গন্তব্যে পৌঁছে পার্কিংয়ের জায়গা খুঁজতে আর ঘুরে বেড়াতে হবে না।

যানজটের খবরও পাওয়া যাবে অ্যাপে

নতুন অ্যাপে শুধু পার্কিংয়ের তথ্য নয়, পার্কিংয়ের খরচও জানা যাবে। এই বিষয়ে কলকাতা পুরসভার সঙ্গে আলোচনা করছে পুলিশ (Kolkata Police)। পাশাপাশি শহরের কোন রাস্তায় যানজট রয়েছে, সেটাও জানা যাবে অ্যাপের মাধ্যমে। কোন রাস্তা দিয়ে গেলে কম সময়ে গন্তব্যে পৌঁছনো যাবে, সেই বিকল্প পথের তথ্যও পাওয়া যাবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

শহরের পার্কিং সমস্যা কমাতে এই নতুন পরিকল্পনা কতটা কাজে আসে, এখন সেটাই দেখার। ২২টি নতুন জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা এবং নতুন অ্যাপ চালু হলে গাড়িচালকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে লালবাজার (Kolkata Police)।