শুধু অস্ত্র কেনাবেচা নয়, এবার যৌথ উৎপাদন! সামরিক সরঞ্জাম তৈরিতে UAE-র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত

Published on:

Published on:

India-UAE is also joining hands in the production of military equipment.

বাংলা ওহান্ট ডেস্ক: প্রতিরক্ষা ক্ষেত্রে (Defence System) আত্মনির্ভর হওয়ার লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতের। এ বার অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরি করতে সংযুক্ত আরব আমিরশাহির (India-UAE) সঙ্গে যৌথ উদ্যোগ বাড়ানোর সিদ্ধান্ত নিল নয়াদিল্লি (New Delhi)। এত দিন মূলত অস্ত্র কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা। এ বার সেই সম্পর্ক আরও বিস্তৃত হতে চলেছে। সামরিক সরঞ্জামের গবেষণা, প্রযুক্তির উন্নয়ন, নকশা তৈরি থেকে শুরু করে উৎপাদন—প্রতিটি ক্ষেত্রেই একসঙ্গে কাজ করবে দুই দেশ। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা এবং সামুদ্রিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও সহযোগিতা বাড়ানো হবে।

সামরিক সরঞ্জাম তৈরিতেও UAE-র সঙ্গে হাত মেলাচ্ছে ভারত (India-UAE):

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর আবুধাবিতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির (India-UAE) যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। অন্যদিকে, আমিরশাহির তরফে উপস্থিত ছিলেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম নাসের এম আল আলাওয়ি। বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক প্রযুক্তির আদানপ্রদান, প্রতিরক্ষা শিল্পের প্রসার এবং যৌথ প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: ৫ বছরে ২৫ লক্ষ সরকারি চাকরি! জেন জি-কে আকৃষ্ট করতে নির্বাচনী ইস্তেহারে একাধিক প্রতিশ্রুতি অখিলেশের

উল্লেখযোগ্য বিষয়, চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমিরশাহি সফরের সময় দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের কাঠামো স্বাক্ষরিত হয়েছিল। এ দিনের বৈঠকে সেই সমঝোতা বাস্তবায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শুধু সরকারি স্তরেই নয়, প্রতিরক্ষা শিল্পের প্রতিনিধিদের মধ্যেও যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতীয় প্রতিনিধিরা আবুধাবির তাওয়াজুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন। সেখানে তাওয়াজুন ইকোনমিক কাউন্সিলের কর্তাদের সঙ্গে বৈঠকে যৌথ উৎপাদন ও ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হয়।

এ ছাড়াও আমিরশাহির প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মহম্মদ বিন মুবারক ফাদেল আল মাজরুইয়ের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা সচিব। পারস্য উপসাগর এবং পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যপথ সুরক্ষিত রাখার বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

India-UAE is also joining hands in the production of military equipment.

আরও পড়ুন:দীর্ঘ যানজট, তৈরি পদপিষ্টের পরিস্থিতি! রাজকীয় আয়োজন করেও অনন্তের মেয়ের বিয়েতে চরম বিশৃঙ্খলা

ভারত ও আমিরশাহির (India-UAE) মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। গত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রেও সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। একদিকে ভারতের লক্ষ্য দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে অস্ত্র রফতানির পরিসর বিস্তৃত করা, অন্যদিকে আমিরশাহিও উন্নত সামরিক প্রযুক্তি ও উৎপাদনে সহযোগিতা বাড়াতে আগ্রহী। তবে ঠিক কোন কোন অস্ত্র বা সামরিক সরঞ্জাম যৌথভাবে তৈরি হবে, তা এখনও প্রকাশ করা হয়নি। আগামী দিনে এই সমঝোতা কতটা বাস্তব রূপ পায়, এখন সেদিকেই নজর।