অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট! কোন মাস থেকে বাড়তি টাকা পাবেন সরকারি কর্মীরা?

Published on:

Published on:

Know when you will get the 8th Pay Commission increased salary

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুপারিশ কার্যকর হলে কবে থেকে বাড়বে মাসিক বেতন। শুধু বেতন বৃদ্ধিই নয়, নতুন বেতন কাঠামো চালু হতে দেরি হলে কয়েক মাসের জমে থাকা বকেয়া কীভাবে মিলবে, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। এই পরিস্থিতিতে জেপি মরগ্যানের একটি পূর্বাভাস সামনে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংস্থাটির দাবি, সব প্রক্রিয়া শেষ করে সংশোধিত বেতন কর্মীদের হাতে পৌঁছতে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে।

কবে থেকে‌ অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) বর্ধিত বেতন হাতে পাবেন?

জেপি মরগ্যানের বিশ্লেষণ অনুযায়ী, অষ্টম বেতন কমিশন ২০২৭ সালের মে মাসে সুপারিশ জমা দিতে পারে। সেই রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে নভেম্বর থেকে নতুন হারে বেতন দেওয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়সীমা সম্পূর্ণভাবে ব্রোকারেজ সংস্থাটির নিজস্ব হিসাব। কেন্দ্রীয় সরকার এখনও বর্ধিত বেতন দেওয়ার কোনও নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি। নতুন বেতন কাঠামো চালু হলে সরকারি কোষাগারের উপর কতটা আর্থিক চাপ পড়তে পারে, তারও একটি হিসাব দিয়েছে সংস্থাটি। জেপি মরগ্যানের মডেল অনুসারে, সংশোধিত বেতনের কারণে বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় ২.২ লক্ষ কোটি টাকা। তবে প্রথম বছরেই পুরো অর্থ খরচ হবে না। ২০২৭ সালের নভেম্বর থেকে বেতন বৃদ্ধি কার্যকর ধরে হিসাব করলে ২০২৮ অর্থবর্ষের বাকি পাঁচ মাসের জন্য সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৯০ হাজার কোটি টাকা।

Know when you will get the 8th Pay Commission increased salary

কর্মচারীদের ব্যক্তিগত আয়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে জেপি মরগ্যান। তাদের অনুমান, নতুন বেতন কাঠামো কার্যকর হলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মাসিক বেতন গড়ে প্রায় ১৫,৪০০ টাকা বাড়তে পারে। এর সঙ্গে যুক্ত হবে প্রাপ্য বকেয়া। যদিও প্রকৃত বেতন বৃদ্ধি নির্ভর করবে কমিশনের সুপারিশে নির্ধারিত ফিটমেন্ট ফ্যাক্টর, পে ম্যাট্রিক্স এবং অন্যান্য ভাতার উপর।নতুন বেতন চালুর ক্ষেত্রে আগামী কয়েক মাসের তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের উপর নজর রাখার পরামর্শ দিয়েছে জেপি মরগ্যান। প্রথম, ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি পেশ হতে চলা কেন্দ্রীয় বাজেট। সেখানে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য সরকার কোনও আর্থিক সংস্থান রাখছে কি না, তা বোঝা যাবে। এরপর মে মাসে কমিশনের প্রতিবেদন জমা পড়ার কথা। সেই রিপোর্টেই বেতন নির্ধারণের মূল কাঠামো, ফিটমেন্ট ফ্যাক্টর এবং বিভিন্ন ভাতা নিয়ে চূড়ান্ত সুপারিশ সামনে আসতে পারে।

আরও পড়ুন :‘শো ছাড়তে রাজি’, সৌরভের ভর্ৎসনার মুখে চরম সিদ্ধান্ত জিতুর

কিন্তু কমিশনের রিপোর্ট জমা পড়ার পরেও কর্মীদের হাতে বর্ধিত বেতন পৌঁছনোর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হবে। একই সঙ্গে বকেয়া টাকা কীভাবে দেওয়া হবে, সেই সিদ্ধান্তও সরকারের তরফে নিতে হবে। আগের বেতন কমিশনগুলির অভিজ্ঞতা দেখলে বোঝা যায়, সুপারিশ জমা পড়া এবং বর্ধিত বেতন চালুর মধ্যে সময়ের ব্যবধান, নতুন ঘটনা নয়।

অষ্টম বেতন কমিশন নিয়ে কর্মচারীদের অন্যতম প্রধান দাবি হল, সংশোধিত বেতন যেন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়। কারণ, কোনও বেতন কমিশনের সুপারিশ বাস্তবে চালু হতে দেরি হলেও কার্যকর হওয়ার নির্ধারিত তারিখ থেকে বর্ধিত বেতনের হিসাব করা হলে মাঝের সময়ের অর্থ বকেয়া হিসেবে জমা হয়। কমিশনের সুপারিশ এবং সরকার কার্যকর হওয়ার যে তারিখ নির্ধারণ করবে, তার উপরই প্রকৃত বকেয়ার পরিমাণ নির্ভর করবে। কমিশনের রিপোর্ট, কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ এবং মন্ত্রিসভার চূড়ান্ত সিদ্ধান্তই ঠিক করে দেবে কর্মীদের বর্ধিত বেতন ও বকেয়া পাওয়ার সময়সীমা। তাই আগামী কয়েক মাসের সরকারি পদক্ষেপের দিকেই নজর থাকবে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর।