শীতের আগেই সুরাপ্রেমীদের বড় ধাক্কা! স্কচ আমদানিতে বিপুল শুল্ক, বাড়বে মদের দাম?

Published on:

Published on:

Alcohol prices may increase‌

বাংলা হান্ট ডেস্ক : বিদেশি সুরার বাজারে নতুন করে দাম (Alcohol Price) নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রিটেন থেকে আসা স্কচ হুইস্কির আমদানি ঘিরে শুল্কসংক্রান্ত জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, একাধিক সংস্থার পণ্য ভারতের বন্দরে আটকে পড়েছে। বাল্ক স্কচ আমদানির ক্ষেত্রে ১৬২.৫ শতাংশ শুল্কের বিষয়টি সামনে আসতেই উদ্বেগ বেড়েছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে। এর প্রভাব শুধু বিদেশি ব্র্যান্ডেই সীমাবদ্ধ থাকবে না, দেশীয় সংস্থাগুলিও সমস্যায় পড়তে পারে। উৎপাদনের খরচ বেড়ে গেলে তার প্রভাব পড়তে পারে বাজারদরেও। ফলে শীতের মরশুমে সুরাপ্রেমীদের খরচ বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বাড়ছে মদের দাম (Alcohol Price)?

ভারত ও ব্রিটেনের মধ্যে হওয়া বাণিজ্য সমঝোতাকে ঘিরে এই পরিস্থিতির সূত্রপাত হয়েছে। গত ১৫ জুলাই দুই দেশের চুক্তির পর স্কচ হুইস্কি আমদানির ক্ষেত্রে শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছিল। এতে ব্রিটিশ মদ রপ্তানিকারকদের পাশাপাশি পার্নোড রিকার্ড এবং ডিয়াজিওর মতো আন্তর্জাতিক সংস্থাও লাভের আশা দেখেছিল। কিন্তু বাল্ক স্কচের শুল্ক নির্ধারণে ব্যবহৃত পদ্ধতি নিয়ে আপত্তি ওঠায় সেই স্বস্তি বেশি দিন স্থায়ী হল না।

Alcohol prices may increase‌

জানা যাচ্ছে, হুইস্কি তৈরির উপাদান হিসেবে ব্রিটেন থেকে যে বিপুল পরিমাণ স্কচ ভারতে আনা হয়, তার শুল্ক হিসাবের সময় সংশ্লিষ্ট সংস্থাগুলি ভুল কাস্টমস কোড ব্যবহার করেছিল। আমদানি করা পণ্যের শ্রেণিবিভাগে এই অসঙ্গতি ধরা পড়ার পরই নতুন করে শুল্কের বিষয়টি সামনে আসে। সেই কারণেই বাল্ক স্কচের উপর ১৬২.৫ শতাংশ শুল্ক চাপানোর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে চুক্তিতে শুল্ক কমানোর যে সুবিধা মিলেছিল, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন : ফেব্রুয়ারিতে হচ্ছে না উচ্চ মাধ্যমিক! কবে শুরু চতুর্থ সেমিস্টারের পরীক্ষা? নতুন প্রস্তাব সংসদের

এই জটিলতার সরাসরি প্রভাব পড়েছে আমদানি প্রক্রিয়ায়। পার্নোড রিকার্ড, ডিয়াজিও এবং বাকার্ডির ৮০টিরও বেশি কন্টেনার বন্দরে আটকে রয়েছে। পণ্য খালাসে দেরি হলে সংস্থাগুলির সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন পরিকল্পনাতেও সমস্যা দেখা দিতে পারে। ভারতের মদের বাজারে বাল্ক স্কচের গুরুত্ব যথেষ্ট।

ব্রিটেন থেকে আমদানি করা স্কচের প্রায় ৮০ শতাংশই আসে বড় পরিমাণে, অর্থাৎ বাল্ক আকারে। এই কাঁচামাল ব্যবহার করে দেশীয় সংস্থাগুলি স্থানীয় স্পিরিটের সঙ্গে মিশিয়ে তৈরি করে ইন্ডিয়ান মেড ফরেন লিকার বা IMFL শ্রেণির হুইস্কি। তুলনামূলক সাশ্রয়ী দামের কারণে এই ধরনের পানীয়ের বাজারও বড়। অন্যদিকে, চিভাস রিগ্যাল কিংবা জনি ওয়াকারের মতো ব্র্যান্ডের সম্পূর্ণ প্রস্তুত পণ্য সরাসরি আমদানি করা হয়।

তবে বন্দরে আটকে থাকা পণ্য ছাড়ানোর জন্য আপাতত একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালু রয়েছে বলে সূত্রের খবর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমদানিকারক সংস্থাগুলি পণ্যের মূল্যের ৭৫ শতাংশ শুল্ক জমা দিয়ে কন্টেনার খালাস করতে পারবে। বাকি অর্থের জন্য দিতে হবে ব্যাংক গ্যারান্টি। পুরো বিষয়টির নিষ্পত্তি না হলেও নির্দিষ্ট শর্তে পণ্য ছাড়ানোর সুযোগ থাকছে। কাঁচামালের খরচ বেড়ে গেলে উৎপাদিত হুইস্কির দামও সংশোধন করতে হতে পারে সংস্থাগুলিকে।