বাংলাহান্ট ডেস্ক : আশঙ্কা ছিলই। এবার তা সত্যি করে শহর কলকাতায় বেড়ে গেল অটো ভাড়া (Auto Fare)। জ্বালানি তেলের ঘাটতির আশঙ্কা দেখা দিতেই এক ধাক্কায় একাধিক রুটে বেড়ে গেল অটো ভাড়া। কর্মব্যস্ত সময়ে গন্তব্যে পৌঁছাতে অনেকের কাছে অটোই প্রধান উপায়। এমতাবস্থায় ভাড়া বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়ার জোগাড় নিত্যযাত্রীদের।
সিএনজির দাম বৃদ্ধির সঙ্গে বাড়ল অটো ভাড়া (Auto Fare)
হঠাৎ করে দাম বেড়ে গিয়েছে সিএনজি গ্যাসেরও। মঙ্গলবার রাতে যেখানে দাম ছিল ৫৭ টাকা ৬৮ পয়সা, বুধবার ভোরে তা একলাফে বেড়ে দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। এদিন ভোর থেকেই কেমিক্যাল পাম্পে লম্বা লাইন পড়ে গিয়েছে অটোচালকদের। তাঁদের অভিযোগ, এক ধাক্কায় সিএনজির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস।

কোন রুটে কত বাড়ল: রাতারাতি গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ভাড়াও বাড়িয়ে দিয়েছেন অনেক অটোচালক। জানা গিয়েছে, চিংড়িহাটা থেকে এসডিএফ রুটে অটো ভাড়া (Auto Fare) ১৫ টাকা থেকে বেড়ে ১৮ টাকা হয়ে গিয়েছে। খবর, গড়িয়া-বারুইপুর এবং সোনারপুর-গড়িয়া রুটেও বেড়েছে অটো ভাড়া। অটোচালকদের সংগঠন সূত্রে জানা যাচ্ছে, যেভাবে গ্যাসের দাম বাড়ছে তা সামাল দিতে হলে ২-৩ টাকা নয়, বরং ৫-৬ টাকা পর্যন্ত বাড়তে পারে ভাড়া।
আরও পড়ুন : ইন্ডিগোর CEO-র ইস্তফা! ম্যানেজিং ডিরেক্টর আশ্বস্ত করে বার্তা দিলেন ‘ম্যায় হুঁ না’
হোটেল শিল্পেও প্রভাব: শুধুই কি অটো ভাড়া? গ্যাসের ঘাটতির আশঙ্কায় লাটে ওঠার জোগাড় হোটেল শিল্প। কলকাতার ডেকার্স লেন থেকে পার্ক সার্কাস, শিয়ালদহ সর্বত্রই গ্যাসের অভাবে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ বন্ধ হওয়ার উপক্রম।
আরও পড়ুন : বৃহস্পতিবার থেকেই বসছে সারচার্জ, জ্বালানির ঘাটতিতে ভাড়া নিয়ে বড় সিদ্ধান্ত বিমান সংস্থাগুলির
একদিকে যেমন বাণিজ্যিক এলপিজি গ্যাসের হাহাকার, তেমনই অন্যদিকে দুশ্চিন্তায় ঘুম উড়েছে আমজনতার। অভিযোগ, অনেকসময় বুকিং করার পরেও পৌঁছাচ্ছে না গৃহস্থালীর গ্যাস সিলিন্ডার। এমতাবস্থায় কী আগামীতে কী পরিস্থিতি হবে সেটা নিয়েই চিন্তায় রয়েছেন সকলে।
















