মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন! মিসাইল হামলার আশঙ্কায় ১১ টি আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ DGCA-র

Published on:

Published on:

DGCA issues directive to avoid 11 air routes amid fears of missile attacks.
Follow

বাংলাহান্ট ডেস্ক: যুদ্ধ পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত ডিজিসিএ (DGCA)-র। মধ্যপ্রাচ্যে ক্রমশ চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি রীতিমতো ভয় ধরাচ্ছে। ইরানের পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ইরান, সৌদি আরব, বাহরিন, ইরাক ও জর্ডান-সহ একাধিক দেশে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে আসছে। এই অশান্ত পরিস্থিতিতে ফের একবার আন্তর্জাতিক বিমান চলাচলেও বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত সরকার ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ নিতে শুরু করেছে।

মিসাইল হামলার আশঙ্কায় ১১ টি আকাশপথ এড়িয়ে চলার নির্দেশ ডিজিসিএ (DGCA)-র

এই প্রেক্ষাপটে দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বিমান সংস্থাগুলির জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। শুক্রবার প্রকাশিত ওই  নির্দেশিকায় জানানো হয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশসীমা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে ভারতীয় বিমান সংস্থাগুলিকে ওই সব আকাশপথ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

DGCA issues directive to avoid 11 air routes amid fears of missile attacks.

আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর! লজ্জার রেকর্ড গড়ে ‘গ্লোবাল টেরোরিজম ইনডেক্স’-এর শীর্ষে পাকিস্তান

ডিজিসিএ-র  নির্দেশিকা অনুযায়ী, ইরান, ইজরায়েল, লেবানন, সৌদি আরব, বাহরিন, ওমান, ইরাক, জর্ডান, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার এবং কুয়েত—এই ১১টি দেশের আকাশপথ এখন আপাতত এড়িয়ে চলতে হবে। পাশাপাশি সিরিয়া ও ইয়েমেনের আকাশসীমাকেও উচ্চঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে।  কেন্দ্রীয় তরফে আরও বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলিতে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য বিমান সংস্থাগুলিকে প্রস্তুত থাকতে হবে।

এছাড়াও এই সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশ জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে সৌদি আরব ও ওমানের আকাশসীমার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানের উচ্চতা ৩২ হাজার ফুটের নিচে নামানো যাবে না বলে জানানো হয়েছে। এই নির্দেশের মূল উদ্দেশ্যই হল যুদ্ধক্ষেত্রের কাছাকাছি নিম্ন উচ্চতায় থাকা ঝুঁকি এড়ানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। সামরিক গতিবিধি বা আকস্মিক হামলার সম্ভাবনা কমাতে এই সতর্কতা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যুদ্ধের আঁচ পড়ল জ্বালানি তেলেও! ভারতে বাড়ল প্রিমিয়াম পেট্রোলের দাম

বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত এখন আর শুধু ইরানেই সীমাবদ্ধ নেই, বরং তার প্রভাব আশপাশের দেশগুলিতেও দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে আকাশপথে যাতায়াত করা বিমানগুলিও ঝুঁকির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগাম সতর্কতা জারি করেছে ডিজিসিএ (DGCA)। নির্দেশিকা অনুযায়ী ২৮ মার্চ পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।