বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে সন্ত্রাসের চিত্র নিয়ে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ইনস্টিটিউট ফর ইকোনমিক্স এন্ড পিস প্রকাশিত ‘গ্লোবাল টেরেরিজম ইনডেক্স’ (Global Terrorism Index) অনুযায়ী, সন্ত্রাসের জেরে বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে উঠে এসেছে পাকিস্তান। এতদিন এই তালিকায় শীর্ষে থাকা বুরকিনা ফাসোকে পিছনে ফেলে পাকিস্তান এখন শীর্ষ স্থানে পৌঁছেছে। রিপোর্টে দক্ষিণ এশিয়ার সন্ত্রাস পরিস্থিতির ভয়াবহ চিত্রও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
‘গ্লোবাল টেরোরিজম ইনডেক্স’ (GlobalTerrorism Index)-এর শীর্ষে পাকিস্তান
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সাল ছিল পাকিস্তানের জন্য গত এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর। ওই বছরে মোট ১,০৪৫টি জঙ্গি হামলার ঘটনা ঘটে এবং প্রাণ হারান ১,১৩৯ জন। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা প্রায় ছয় গুণ বেশি, যা পরিস্থিতির অবনতির দিকেই ইঙ্গিত করছে। গত ১২ বছর ধরে সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষ দশে থাকলেও এবার প্রথমবারের মতো একেবারে শীর্ষে উঠে এসেছে পাকিস্তান।
আরও পড়ুন: হয়ে যান সাবধান! এই একটা ভুল করলেই পড়বেন বিপদে, গ্রাহকদের সতর্ক করে কী জানাল SBI?
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানে সন্ত্রাস বৃদ্ধির পিছনে অন্যতম কারণ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপির কার্যকলাপ। ২০২৫ সালে তাদের হামলার সংখ্যা প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, বালোচ লিবারেশন আর্মির মতো সংগঠনও ইসলামাবাদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এই দুই সংগঠনের লাগাতার হামলা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
অন্যদিকে, একই সময়ে ভারতে সন্ত্রাসের ঘটনা বেশ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিশ্ব তালিকায় ভারতের স্থান ১৩ নম্বরে থাকলেও ২০২৫ সালে সন্ত্রাসী হামলার সংখ্যা প্রায় ৪৩ শতাংশ কমেছে। গত এক দশকে সন্ত্রাস দমনে ধারাবাহিক সাফল্য দেশের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতাকেই তুলে ধরে। বিশেষজ্ঞদের মতে, উন্নত গোয়েন্দা নজরদারি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা এই সাফল্যের মূল কারণ।

আরও পড়ুন: এমনটাও হয়! ATM থেকে ১০ হাজার টাকা তুলতে গিয়ে ব্যাঙ্কের কাছ থেকে ৩ লক্ষ টাকা পেলেন গ্রাহক
এছাড়াও প্রতিবেশী দেশগুলির মধ্যেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বাংলাদেশে ২০২৫ সালে সন্ত্রাসী হামলার ঘটনা একেবারেই ঘটেনি, যা উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে নেপালের গত তিন বছরে কোনও জঙ্গি হামলার ঘটনা নেই। একইভাবে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর হামলার সংখ্যা কমেছে এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১১-তে উন্নীত হয়েছে। তবে রিপোর্টে (Global Terrorism Index) সতর্ক করা হয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলমান উত্তেজনা এবং সংঘাত পরিস্থিতি আরও খারাপ করতে পারে, যা ভবিষ্যতে বৃহত্তর মানবিক সংকট ডেকে আনতে পারে।












