মামদানির বাসভবনের সামনে চাঞ্চল্য! মুসলিম বিরোধী বিক্ষোভে চরম উত্তেজনা, ‘বোমা’ ছোড়ার অভিযোগে আটক ২

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জ়োহরান মামদানির (Zohran Mamdani) বাসভবনের সামনে বিক্ষোভ ঘিরে তীব্র চাঞ্চল্য। সূত্রের খবর, শনিবার মাঝরাতে ম্যানহাটনের গ্রেসি ম্যানসনের সামনে মুসলিম ও অভিবাসী বিরোধী গোষ্ঠীর বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ চলাকালীন হঠাৎই বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ নিউ ইয়র্ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত পদক্ষেপ করে দুই সন্দেহভাজন যুবককে আটক করে। যদিও মেয়র মামদানি এবং তাঁর স্ত্রী রামা দুয়াজি সম্পূর্ণ নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন মেয়রের মুখপাত্র জো ক্যালভেলো।

মামদানীর (Zohran Mamdani) বাড়িরই সামনে চরম বিশৃঙ্খলায় আটক ২

উল্লেখ্য নিউ ইয়র্ক সিটির মেয়র হওয়ার পর থেকে গ্রেসি ম্যানসনই মামদানির সরকারি বাসভবন। পুলিশ সূত্রে খবর, শনিবার দুপুরের পর থেকেই ওই এলাকার সামনে উত্তেজনা শুরু হয়। অভিযোগ, মুসলিম বিরোধী আন্দোলনের নেতা জে ল্যাং এবং তাঁর অনুগামীরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা মুসলিম বিরোধী স্লোগান দিতে থাকেন এবং পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন: রাষ্ট্রপতিকে অপমান? বাংলাকে নিশানা করে কড়া আক্রমণ মোদীর, কী বললেন?

এরপরই কিছুক্ষণের মধ্যেই ল্যাংয়ের বিরোধী গোষ্ঠীর সমর্থকেরাও সেখানে জমা হতে শুরু করেন। দু’পক্ষই এক অপরকে উদ্দেশ্য করে স্লোগান দিতে শুরু করে। তর্কাতর্কি থেকে পরিস্থিতি দ্রুতই হাতাহাতির দিকে গড়ায়। জানা গিয়েছে, সেই সময় ল্যাংয়ের এক সমর্থক পেপার স্প্রে ব্যবহার করেন বলে অভিযোগও ওঠে। এর ফলে উত্তেজনা আরও বাড়ে। এই বিশৃঙ্খলার মধ্যেই হঠাৎ ভিড়ের মধ্যে থেকে দুই যুবক একটি কালো বস্তুতে আগুন ধরিয়ে পুলিশের ব্যারিকেডের দিকে ছুড়ে মারেন। মুহূর্তের মধ্যেই  কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা এস টিশ জানিয়েছেন, বস্তুটি দেখতে ফুটবলের চেয়ে কিছুটা ছোট ছিল এবং তা হাতে তৈরি বোমা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, বস্তুটি ছোড়ার সময় আগুন ও ধোঁয়া বের হচ্ছিল এবং তা গিয়ে ব্যারিকেডে পড়ে। পরে তা নিজে থেকেই নিভে যায়। ইতিমধ্যেই পুলিশ সন্দেহভাজন ওই দুই যুবককে জেরা করে তাঁদের পরিচয়ও নিশ্চিত করেছে।

Extreme chaos in front of the house Zohran Mamdani

আরও পড়ুন: ভাত ঠিকমতো হচ্ছে না? ঘরোয়া এই কৌশল জানলে মুহূর্তে বদলে যাবে আপনার রান্না

পুলিশের তরফে জানানো হয়েছে যে, আটক দুই যুবকের মধ্যে একজনের নাম আমির বালাত, যার বয়স ১৮ এবং অপরজনের নাম ইব্রাহিম নিক, বয়স ১৯। জানা গিয়েছে, আমিরই প্রথম ডিভাইসটি ছুড়ে পালিয়ে যান। পরে তিনি আরেকটি একই ধরনের ডিভাইস নিয়ে ফের পালানোর চেষ্টা করেন। সেই সময় পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং দু’জনকেই গ্রেপ্তার করে। ডিভাইসগুলোর ভিতরে নাট, বোল্ট, স্ক্রু এবং ফিউজ় পাওয়া গিয়েছে। তবে এতে কোনও বিস্ফোরক পদার্থ ছিল কি না, তা এখনও পরীক্ষা করে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নিন্দা করে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সম্মান করা হলেও ঘৃণা বা হিংসা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।