বাংলাহান্ট ডেস্ক : দিন দিন যেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে মুম্বই। বারংবার নিশানায় আসছেন রাজনৈতিক ব্যক্তি থেকে তারকারা। এবার গুলি চলল পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির বাইরে। শনিবার রাত ১২ টা ৪০ নাগাদ পরিচালকের বাড়ির বাইরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালায় বলে খবর। এরপরেই তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়ির বাইরে চলল গুলি
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শনিবার গভীর রাতে বাইকে চেপে দুজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এসে উপস্থিত হয় রোহিত শেট্টির বাড়ির সামনে। পরিচালকের বাড়ির গেট লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় তারা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এলাকায় তৈরি হয় তীব্র আতঙ্ক।

বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জুহু এবং মুম্বই থানার পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এরপরেই রোহিতের বাড়ি এবং সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় কয়েকগুণ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শণাক্ত করার চেষ্টা চলছে। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছায় ফরেনসিক টিমও। তারা নমুনা সংগ্রহ করেছে।
আরও পড়ুন : নতুন নায়িকা আসতেই অস্তাচলে TRP, সিরিয়াল নিয়ে মুখ খুললেন ‘অপর্ণা’ শিরিন
কী উদ্দেশে গুলি: পুলিশের প্রাথমিক অনুমান, শুধুমাত্র আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশেই গুলি চালানো হয়েছে। তবে নেপথ্যে কোনও গ্যাংস্টার গোষ্ঠী রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রোহিত শেট্টির (Rohit Shetty) টিমের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে।
মুম্বইয়ে কার্যত পরপর এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে। একাধিক বার হুমকি বার্তা পেয়েছেন সলমন খান। খুন হয়েছেন সিধু মুসেওয়ালা থেকে রাজনৈতিক নেতা বাবা সিদ্দিকী। হামলা হয়েছে কপিল শর্মার ক্যাফেতে। এমতাবস্থায় রোহিতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ প্রশাসন।













