বদলে গেল পরিকল্পনা! SIR নিয়ে প্রকাশ্যে বড় আপডেট

Published on:

Published on:

Hearing Deadline for SIR Likely to be Extended by Three Days in West Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (SIR) নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্পেশাল ইনটেনসিভ রিভিশন সংক্রান্ত শুনানির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় শুনানির মেয়াদ আরও তিনদিন বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে। এর জেরে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যেতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন সূত্র।

আরো তিন দিন বাড়ছে এসআইআর (SIR) শুনানির দিন

খাতায়কলমে শনিবার ছিল রাজ্যের স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) সংক্রান্ত শুনানির শেষ দিন। কিন্তু বাস্তবে এখনও একাধিক জেলায় শুনানির কাজ সম্পূর্ণ হয়নি। সেই কারণেই শুনানির সময়সীমা আরও তিনদিন বাড়িয়ে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত করা হতে পারে বলে খবর। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে ১৪ ফেব্রুয়ারির নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশও সম্ভব হবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রয়োজন মনে করলে গোটা রাজ্যের জন্যই শুনানির মেয়াদ বাড়ানো হতে পারে। আবার নির্দিষ্ট কিছু জেলার ক্ষেত্রেও আলাদা করে সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। সবদিক বিচার করে সময় বাড়ানোর বিষয়ে কমিশন মোটের উপর ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।

কী পরিকল্পনা ছিল?

প্রথমে পরিকল্পনা ছিল ৭ ফেব্রুয়ারির মধ্যেই সব শুনানির (SIR) কাজ শেষ করা হবে। কিন্তু সুপ্রিম কোর্টের লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত রায়ের পর পরিস্থিতি বদলে যায়। প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারের শুনানি এত অল্প সময়ের মধ্যে শেষ করা কার্যত অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে রাজ্যের দুই থেকে তিনটি জেলায় শুনানির কাজ এখনও অনেকটাই বাকি রয়েছে। যদিও কিছু জেলায় প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়ে গিয়েছে।

এই অবস্থায় শুনানির (SIR) মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে শনিবার নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। কোন জেলায় কতটা শুনানি বাকি রয়েছে, সেই বিস্তারিত তথ্য তিনি চিঠিতে উল্লেখ করবেন। এজন্য সব জেলার ডিইওদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য চেয়ে পাঠানো হয়েছে। সূত্রের খবর, মালদা, উত্তর কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় এখনও প্রচুর শুনানির কাজ বাকি রয়েছে। এই তিন এলাকায় সময় বাড়ানোর আবেদন আগেই করা হয়েছিল। এছাড়া কার্শিয়াঙের কয়েকটি এলাকাতেও শুনানি প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

Election Commission has published a list of logical discrepancies and unmapped voters in the SIR program

আরও পড়ুনঃ ৯০ হাজার টাকা পর্যন্ত সাহায্য দেবে রাজ্য! রাজ্য সরকারের নতুন প্রকল্পে কারা পাবেন টাকা? জানুন

নির্বাচন কমিশনের এক সূত্র জানিয়েছে, এই জেলাগুলিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা বহু মানুষকে শুনানিতে ডাকা হলেও অনেকেই উপস্থিত হননি। অনেকের কোনও খোঁজও পাওয়া যাচ্ছে না। তাঁদের আবার নতুন করে চিঠি পাঠানো হয়েছে। এসব কারণেই নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষ করা যাচ্ছে না বলে মনে করছে কমিশন। সব মিলিয়ে বলা যায়, এসআইআর (SIR) শুনানির সময়সীমা বাড়ানো প্রায় নিশ্চিত। এখন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।