জালে নেই ইলিশ, ভরা মরশুমেও হাহাকার বাংলাদেশে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশে ইলিশের (Hilsa Fish) দাম চড়া। ভরা মরশুমেও ইলিশ নেই বাজারে। ঢাকা থেকে শুরু করে বরিশাল, চাঁদপুরে ইলিশের আকাল। ঢাকার বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাংলাদেশি সাড়ে ৩ হাজার টাকায়। মৎস্যজীবীরা জানাচ্ছেন, নদী সাগরে গেলেও ইলিশ পাওয়া যাচ্ছে না। এদিকে পদ্মায় পড়েছে চর। পদ্মা নদীতে ঢোকার আগেই চাঁদপুরে ধরা পড়ে অধিকাংশ ইলিশ।

কত করে চলছে ইলিশের (Hilsa Fish) দাম?

ঢাকার ঠাঁটারিবাজারের এক ইলিশ বিক্রেতা জানান, এবার ইলিশ অনেক কম ধরা পড়ছে। সরবরাহ কম থাকায় দামও অনেক বেশি। দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার টাকায়। ১ কেজি ওজনের ইলিশের দাম সাড়ে ৩ হাজার টাকা। অন্যদিকে ৩০০-৫০০ গ্রামের খোকা ইলিশও বিকোচ্ছে ১৬০০-১৭০০ টাকায়।

Hilsa fish not available in Bangladesh

ছয় বছরে সর্বাধিক উঠেছে ইলিশ: মরশুম শুরু হওয়ার দেড় মাস পরেও বাজারে ইলিশ অমিল। যা মিলছে তারও দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। তবে মৎস্য অধিদফতর জানাচ্ছে, গত জুন মাসে দক্ষিণাঞ্চলের নদনদী ও সাগর থেকে গত বছরের থেকে প্রায় ৩ গুণ বেশি ইলিশ উঠেছে যা গত ছয় বছরের মধ্যে সর্বাধিক। তবে জানা যাচ্ছে, যে ইলিশ (Hilsa Fish) উঠেছে তার দুই তৃতীয়াংশই হল খোকা ইলিশ এবং ছোট মাছ।

আরও পড়ুন : প্রান্তিক মানুষদের জন্য বড় উদ্যোগ, দুয়ারে এবার চিকিৎসা পৌঁছে দেবে ১০০ টি মোবাইল ভ্যান

মাছ ধরায় নিষেধাজ্ঞা: জানা যাচ্ছে, জাটকা নিধন ও বিক্রি দণ্ডনীয় অপরাধ হওয়ায় নিষিদ্ধ ট্রলিং জাহাজ নিয়ে চলছে জাটকা নিধন। উল্লেখ্য, এই বর্ষার সময়ে ইলিশের প্রজনন ও জাটকা যাতে নিরাপদে বড় হতে পারে তার জন্য বছরের ৮ মাস বিভিন্ন মেয়াদে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলে। গত ১১ জুন ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সাগরে। অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত নদী সাগরে মাছ ধরায় কোনও নিষেধাজ্ঞা থাকছে না। এই চার মাস হল ইলিশের ভরা মরশুম।

আরও পড়ুন : সমুদ্র উত্তাল, চাহিদা থাকলেও দেখা নেই ইলিশের, মাথায় হাত মৎস্যজীবীদের

সূত্রের খবর অনুযায়ী, গত জুনে বিভাগের ছয় জেলায় মোট ৪০ হাজার ৫১৬ টন ইলিশ ধরা পড়েছে। কাগজের হিসেবে যে পরিমাণ ইলিশ মিলেছে তাতে গত বছরের থেকে দাম কম হওয়ার কথা থাকলেও তা হয়নি।