বাংলা হান্ট ডেস্ক: সত্যিকারের বন্ধুর ভূমিকায় ভারত (India)! শ্রীলঙ্কার পর্যটনের হাল ফেরাতে সাহায্য করছে ভারত। ২০২৫ সাল শ্রীলঙ্কার পর্যটন শিল্পের জন্য অত্যন্ত সফল একটি বছর হিসেবে উঠে এসেছে। শ্রীলঙ্কা পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষের (SLTDA) প্রকাশিত তথ্য অনুযায়ী, সারা বছর জুড়ে মোট ২৩ লক্ষেরও বেশি বিদেশি পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন। দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার পর পর্যটনের এই পুনরুত্থান শ্রীলঙ্কার অর্থনীতির জন্য বড় স্বস্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পর্যটক আগমনের নিরিখে ভারত আবারও শ্রীলঙ্কার বৃহত্তম উৎস দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
শ্রীলঙ্কার পর্যটনের হাল ফেরাতে সাহায্য করছে ভারত (India)
SLTDA জানিয়েছে, ২০২৫ সালে ভারত থেকে মোট ৫ লক্ষ ৩১ হাজার ৫১১ জন পর্যটক শ্রীলঙ্কা সফর করেছেন। এই সংখ্যা দ্বিতীয় স্থানে থাকা দেশের তুলনায় দ্বিগুণেরও বেশি। শুধু তাই নয়, আগের বছরের তুলনায় ভারতীয় পর্যটকের সংখ্যা প্রায় ১ লক্ষ ১৪ হাজার বেড়েছে, যা প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি। প্রতি মাসেই ভারতীয় পর্যটকদের আগমন ছিল স্থিতিশীল এবং গড়ে মোট বিদেশি পর্যটকের ২৩ শতাংশেরও বেশি এসেছেন ভারত থেকে। ডিসেম্বর মাসে সর্বাধিক ৫৬ হাজার ৭১৫ জন ভারতীয় শ্রীলঙ্কায় পৌঁছন, অন্যদিকে ফেব্রুয়ারি মাসে সংখ্যাটি ছিল তুলনামূলকভাবে কম, প্রায় ৩৫ হাজার।
আরও পড়ুন: গণবিক্ষোভে গণহত্যা? সামনে এল ইরানে মৃতের সংখ্যা, জানলে শিউরে উঠবেন
মোট বিদেশি পর্যটক আগমনের দিক থেকে ডিসেম্বর মাস ছিল ২০২৫ সালের সবচেয়ে ব্যস্ত সময়। এই এক মাসেই শ্রীলঙ্কায় এসেছেন ২ লক্ষ ৫৮ হাজার ৯২৮ জন পর্যটক, যা গোটা বছরের মধ্যে সর্বোচ্চ। পর্যটন কর্তৃপক্ষের মতে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে আন্তর্জাতিক পর্যটকদের কাছে শ্রীলঙ্কা এখনও একটি জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য ছুটির গন্তব্য হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে।
দেশভিত্তিক হিসাব অনুযায়ী, যুক্তরাজ্য ছিল দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ। সেখান থেকে ২১ হাজার ২৭৭ জন পর্যটক শ্রীলঙ্কায় এসেছেন। সামগ্রিকভাবে ইউরোপ এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মিলিয়ে মোট বিদেশি পর্যটকের ৯২.৭ শতাংশ শ্রীলঙ্কায় ভ্রমণ করেছেন। শুধু ইউরোপ থেকেই এসেছে প্রায় ৫১.৩ শতাংশ পর্যটক, যা শ্রীলঙ্কাকে রোদ, সমুদ্র এবং শীতকালীন ছুটির জন্য ইউরোপীয় পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।

আরও পড়ুন: ‘সুষ্ঠু ভোট অসম্ভব’, দিল্লি থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগল আওয়ামী লীগ
২০২৬ সালের শুরুটাও শ্রীলঙ্কার পর্যটনের জন্য ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। জানুয়ারির প্রথম ১৫ দিনেই দেশটিতে এসেছেন ১ লক্ষ ৩১ হাজার ৮৯৮ জন পর্যটক। এর মধ্যে ১৫ জানুয়ারি একদিনেই সর্বাধিক ১০ হাজার ৪৮৩ জন পর্যটক শ্রীলঙ্কায় পৌঁছন। ওই সময়ে ভারত থেকেই এসেছেন সর্বাধিক ২৩ হাজার ৭৮৬ জন পর্যটক। এরপর রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য ও জার্মানি। পর্যটন মহলের ধারণা, এই প্রবণতা বজায় থাকলে আগামী বছরগুলিতেও শ্রীলঙ্কার পর্যটন শিল্প আরও শক্তিশালী হয়ে উঠবে।












