বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন নিয়ে অদূর ভবিষ্যতে বড় পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। সম্প্রতি চালু হওয়া বাংলা এবং অসমকে সংযোগকারী হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার শুরুতেই সুপারহিট। প্রথম দিনই হাউসফুল হয়েছে ট্রেনটি। তাই এবার সেই সাফল্যে ভর করে আরও বড় উদ্যোগ নিতে চলেছে রেল মন্ত্রক।
বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper) নিয়ে বড় সিদ্ধান্ত রেলের
জানা গিয়েছে, এবার বন্দে ভারত স্লিপারের কোচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। কোচ সংখ্যা বাড়িয়ে ২৪ হতে চলেছে বলে খবর। বর্তমানে যে বন্দে ভারত স্লিপার চলছে তাতে রয়েছে ১৬ টি কোচ। রেল আধিকারিকদের সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি বছরের মধ্যেই চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয়ে যাবে ২৪ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন।

বার্থ বাড়ছে ট্রেনে: বর্তমানে ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনে রয়েছে ৮২৩ টি বার্থ। অন্যদিকে ২৪ কোচের বন্দে ভারত স্লিপারে থাকবে ১২২৪ টি বার্থ। থাকবে এসি প্যান্ট্রিকার। রেল আধিকারিক সূত্রে খবর, আপাতত এই ট্রেনের নকশার কাজ চলছে। ২০২৬ শেষ হওয়ার আগেই প্রোটোটাইপ তৈরি করে ফেলার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল।
আরও পড়ুন : দুরন্ত কামব্যাক ‘পরিণীতা’র, জোর টক্কর জি-জলসার, কার দখলে গেল শীর্ষস্থান?
কেমন হবে নতুন সংস্করণ: জানা যাচ্ছে, নতুন বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনে থাকবে ১৭ টি এসি থ্রি টায়ার কোচ, ৫ টি এসি টু টায়ার কোচ এবং ১ টি এসি ফার্স্ট ক্লাস কোচ। আরও বেশি সংখ্যক যাত্রী যাতে এই ট্রেনের পরিষেবা নিতে পারেন তার জন্য কোচের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন : ফেব্রুয়ারিতে ফের দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, দুর্ভোগ এড়াতে জেনে রাখুন দিনক্ষণ
প্রসঙ্গত, নতুন চালু হওয়া বন্দে ভারত স্লিপার ট্রেনের টিকিটের চাহিদা তুঙ্গে। শুক্রবার যে ট্রেনটি ছাড়বে হাওড়া থেকে তার কোনও কোচেই টিকিট বাকি নেই বলে খবর। এমনকি আগামী শনি, রবি এবং সোমেও একই অবস্থা। আগামী ৩ রা ফেব্রুয়ারি হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনে কয়েকটি টিকিট এখনও উপলব্ধ রয়েছে।












