বাংলাহান্ট ডেস্ক : বর্ষায় রেলের (Indian Railways) ট্র্যাকে যাতে জল না জমে যায় তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। ব্যারাকপুরে এমএসডিএসি সিস্টেমের মাধ্যমে ট্রেনের সময়ানুবর্তিতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করেছে পূর্ব রেল। ট্র্যাকে জল জমলে বা প্রতিকূল আবহাওয়ার ক্ষেত্রে সিগন্যালিংয়ের নির্ভরযোগ্যতা বাড়াতে ট্রেন শনাক্তকরণ ব্যবস্থা উন্নত করা হয়েছে।
বর্ষায় ট্রেন (Indian Railways) চলাচলে বাধা এড়াতে উদ্যোগ
বর্ষার সময়ে ট্রেন চলাচলের নির্ভরযোগ্যতা বাড়াতে এবং ট্রেন লেট করার প্রবণতা কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে পূর্ব রেলওয়ে। ব্যারাকপুর স্টেশনে মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে সফল ভাবে। নিরাপত্তা, সময়ানুবর্তিতা বৃদ্ধি করতে আধুনিক প্রযুক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ করছে পূর্ব রেল।

কোন প্ল্যাটফর্মে চালু: ভারী বর্ষায় জল জমার ঝুঁকিপূর্ণ জায়গাগুলিতে সিগন্যালিং পরিকাঠামো জোরদার করার চেষ্টা করা হচ্ছে। ব্যারাকপুর স্টেশনের ৪, ২, ১এ এবং ১ নম্বর প্ল্যাটফর্মের পাশাপাশি ডাউন সাবআরবান লাইনে থাকা ডিসি ট্র্যাক সার্কিটের সমান্তরালে নতুন চালু করা এমএসডিএসি সিস্টেমটি স্থাপন করা হয়েছে।
আরও পড়ুন : ভারতীয় সেনার সাওয়ান বারওয়াল গড়লেন ইতিহাস! ৪৪ বছর পর এশিয়ান গেমসের ম্যারাথনে এল পদক
যাত্রী সুবিধার্থে উদ্যোগ: পূর্ব রেলের (Indian Railways) একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল ব্যারাকপুর। তাই এখানে সিগন্যালিং পরিকাঠামোর নির্ভরযোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। কিছু কিছু নীচু স্থানে ডিসি ট্র্যাক সার্কিটগুলি ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার সময় অপারেশনাল সমস্যার মুখে পড়তে পারে।
আরও পড়ুন : ফ্রি বাস পরিষেবা পেতে আধার বা ভোটারের হার্ড কপি মাস্ট? ফোনে দেখালে হবে কিনা জানুন
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ব্যারাকপুরে মাল্টি সেকশন ডিজিটাল অ্যাক্সেল কাউন্টার সিস্টেম চালু করা হয়েছে যা গুরুত্বপূর্ণ সিগন্যালিং পরিকাঠামোর উন্নতি করেছে। সমান্তরাল এমএসডিএসি ব্যবস্থা একটি অতিরিক্ত নির্ভরযোগ্য ট্রেন শণাক্তকরণ সিস্টেম প্রদান করে যা আবহাওয়া সম্পর্কিত সিগন্যালিং সমস্যাগুলি কমাতে সাহায্য করে।













