যুদ্ধের জেরে পড়েছিলেন আটকে! ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হল ভারতীয় পড়ুয়াদের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে ইরানে (Iran) আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য তৎপর হয়েছে ভারত সরকার। ইতিমধ্যেই গত রবিবার বিশেষ বিমানে আর্মেনিয়া হয়ে প্রায় ৭০ জন ভারতীয় নাগরিক নয়া দিল্লিতে পৌঁছেছেন। আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান বিমানবন্দর থেকে উড়ে আসা এই বিমানে থাকা যাত্রীদের অধিকাংশই ছাত্রছাত্রী বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে অনেকেই জম্মু কাশ্মীরের বাসিন্দা। উদ্ধারকারী বিমানটি ইয়েরেভান থেকে প্রথমে দুবাই হয়ে তারপর দিল্লিতে পৌঁছয়।

ইরান (Iran) থেকে দেশে ফিরিয়ে আনা হল ভারতীয় পড়ুয়াদের:

দিল্লিতে নামার পর ওই ছাত্রছাত্রীদের নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল। সেই বাসেই তাঁদের শ্রীনগরের উদ্দেশে পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। একই সঙ্গে জানা যাচ্ছে, শীঘ্রই আরও প্রায় ৬০ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে দ্বিতীয় একটি উদ্ধার বিমান দিল্লিতে পৌঁছবে। আগামী কয়েক দিনের মধ্যে ধাপে ধাপে আরও বেশ কয়েকটি বিশেষ ফ্লাইটে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে এবার বিশেষ সুবিধা

সংঘাত শুরুর আগে ইরানে প্রায় ৯ হাজার ভারতীয় নাগরিক বসবাস করতেন বলে জানা যায়। তাঁদের বেশির ভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া ছাত্রছাত্রী। এই ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের। এ ছাড়াও উত্তর প্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরাও সেখানে রয়েছেন। মূলত ইরানের রাজধানী তেহরান এবং সেখান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত কোম শহরে ভারতীয় ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি।

ইরান ফেরত ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সি তরুণী নয়না তৈবা। তিনি জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা এবং ইরানের উর্মিয়া বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছিলেন। যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁকে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের প্রথমে বাসে করে ইরানের বিভিন্ন শহর থেকে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর আর্মেনিয়ার সীমান্ত পার করে রাজধানী ইয়েরেভান থেকে বিশেষ বিমানে তাঁদের দেশে ফেরানো হয়।

Indian students brought back home from Iran.

আরও পড়ুন: নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে এবার বিশেষ সুবিধা

যুদ্ধ পরিস্থিতির জেরে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় সরাসরি বিমান চলাচল সম্ভব হচ্ছে না। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় সেখানে কোনও আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারছে না। এই কারণেই আটকে পড়া ভারতীয়দের প্রথমে সড়কপথে ইরান-আর্মেনিয়া সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আর্মেনিয়ার বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাঁদের ভারতে ফেরানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হবে।