বাংলাহান্ট ডেস্ক: রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার (Russian Oil Import) ইস্যুতে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখে, তবে আরও কড়া শুল্ক আরোপ করা হবে। তবে সাম্প্রতিক ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির আবহে সেই অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করেছে আমেরিকা। অন্তর্বর্তী বাণিজ্য সমঝোতায় সম্মতির পর দু’দেশের সম্পর্ক নতুন মোড় নিয়েছে বলেই মনে করা হচ্ছে।
রাশিয়া (Russian Oil Import) থেকে তেল আমদানি কমেছে ভারত?
এদিকে প্রকাশিত সর্বশেষ বাণিজ্য পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, রাশিয়া থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে কমিয়েছে ভারত। গত ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারিতে রাশিয়া থেকে ভারতের আমদানি নেমে এসেছে প্রায় ২.৮৬ বিলিয়ন ডলারে, যা ২০২৫ সালের জানুয়ারিতে ছিল প্রায় ৪.৮১ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে প্রায় ৪০.৪৮ শতাংশ পতন ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন চাপ এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় রিফাইনারিগুলিও রাশিয়ান অপরিশোধিত তেল কেনা কমিয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী নয়, এবার ‘এই’ প্রকল্প নিয়ে সুখবর দিচ্ছে রাজ্য…
উল্লেখ্য, অপরিশোধিত তেল ছাড়াও ভারত রাশিয়া থেকে কয়লা, অন্যান্য পেট্রোলিয়াম পণ্য, সার, লোহা, নিউজপ্রিন্ট, ডাল, মুক্তো এবং মূল্যবান ও আধা-মূল্যবান পাথর আমদানি করে থাকে। ২০২৫ সালের এপ্রিলে রাশিয়া থেকে প্রায় ৪.৭৩ বিলিয়ন ডলার মূল্যের তেল আমদানি করেছিল ভারত। সেই মাসেই ট্রাম্প প্রশাসন তথাকথিত ‘মুক্তি দিবস’ শুল্ক ঘোষণা করে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপায়, যা বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় বেশি ছিল। পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট শুল্কের হার ৫০ শতাংশে পৌঁছয়।
এর পর থেকেই কূটনৈতিক টানাপোড়েনের আবহ তৈরি হয়। মার্কিন প্রশাসন একাধিকবার দাবি করে, ভারতকে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানি বাড়াতে হবে। যদিও এ বিষয়ে নয়াদিল্লির তরফে স্পষ্ট কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের সেপ্টেম্বরে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানির পরিমাণ কমে দাঁড়িয়েছিল ৩.৩২ বিলিয়ন ডলারে।

আরও পড়ুন: বিজ্ঞাপনের আড়ালে ঢাকা জীর্ণ কুঁড়েঘর! ‘বাংলার বাড়ি’ থেকে ব্রাত্য বাঁকুড়ার ১৩টি শবর গ্রাম
এর মধ্যে ২০২৬ সালের ৯ জানুয়ারি ভারতের বৃহত্তম বেসরকারি রিফাইনার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানায়, তারা আর রাশিয়ান অপরিশোধিত তেল কিনছে না। সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর যুক্তরাষ্ট্র ভারতের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে জ্বালানি আমদানি ও আন্তর্জাতিক বাণিজ্য কৌশলে ভারতের অবস্থান যে নতুন ভারসাম্যের দিকে এগোচ্ছে, তা স্পষ্ট বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।












