বাংলা হান্ট ডেস্কঃ রান্নার গ্যাস নিয়ে নতুন বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এবার থেকে এলপিজি (LPG) সিলিন্ডার পেতে গেলে সব গ্রাহকের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক করা হচ্ছে। জ্বালানি সংকটের পরিস্থিতিতে ভর্তুকি প্রক্রিয়া স্বচ্ছ রাখা এবং অপব্যবহার বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
কেন এই নতুন নিয়ম (LPG)?
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানির উপর চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে দেশে গ্যাসের চাহিদা থাকলেও অনেক ক্ষেত্রে গৃহস্থালির ভর্তুকিযুক্ত সিলিন্ডার অসাধু উপায়ে হোটেল, রেস্তোরাঁ বা কারখানায় ব্যবহার করা হচ্ছে। এর ফলে সাধারণ গ্রাহকরা সময়মতো গ্যাস পাচ্ছেন না এবং কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এই অপব্যবহার আটকাতেই ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।
কীভাবে করবেন ই-কেওয়াইসি?
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ই-কেওয়াইসি করার জন্য গ্রাহকদের আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই। বাড়িতে বসেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। ইন্ডিয়ান অয়েল, এইচপি বা ভারত গ্যাসের মতো সংস্থার মোবাইল অ্যাপ ব্যবহার করে ই-কেওয়াইসি করা যাবে।
এছাড়া আধার ফেসআরডি অ্যাপের মাধ্যমেও স্মার্টফোন থেকে যাচাই করা সম্ভব। এছাড়া গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান দিয়েও পরিচয় যাচাই করা যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ কবে থেকে শুরু বিধানসভা ভোটের ট্রেনিং? সামনে এল সম্ভাব্য সময়সূচি
ই-কেওয়াইসি না করলে কী হবে?
মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে এলপিজি (LPG) রিফিল পেতে সমস্যা হতে পারে। এমনকি ভর্তুকিও স্থগিত হয়ে যেতে পারে। তাই সময়মতো এই প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।












