বাংলাহান্ট ডেস্ক: ভোররাতে ঘুমের মধ্যেই সব শেষ! মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অন্তত ৭ জনের। জানা গিয়েছে, বুধবার ভোরে শহরের ছোট রাজওয়াড়া এলাকার প্রীতিনগরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। একটি বহুতল আবাসনে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইন্দোরে (Indore) বৈদ্যুতিক গাড়ি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড:
পুলিশ সূত্রের খবর, ভোর প্রায় চারটে নাগাদ বহুতলের বাইরে পার্ক করা একটি ইলেকট্রিক গাড়িতে আগুন লাগে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। গভীর রাতে অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে থাকায় প্রথমে কেউ বিষয়টি টের পাননি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তা দ্রুত গোটা বাড়িকে গ্রাস করে ফেলে।
আরও পড়ুন: আই-প্যাক মামলায় সিবিআই তদন্ত কতটা জরুরি? আজ সুপ্রিম কোর্টে হাইভোল্টেজ শুনানি
প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যে গাড়িটি থেকে আগুনের সূত্রপাত, সেটি একটি বৈদ্যুতিক গাড়ি ছিল এবং সেটি চার্জে লাগানো ছিল। চার্জিং চলাকালীনই কোনও বৈদ্যুতিক গণ্ডগোল বা শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। এরপর সেই আগুন বহুতলের ভিতরে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কারণ বাড়ির ভিতরে থাকা একাধিক দাহ্য পদার্থ আগুনকে আরও ছড়াতে সাহায্য করে।
শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের সময় বাড়ির ভিতরে থাকা অন্তত ১০টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় বলে জানা গেছে। এর ফলে আগুনের তীব্রতা কয়েকগুণ বেড়ে যায় এবং পরিস্থিতি সামাল দেওয়া রীতিমতো বেগ পেতে হয় দমকলকর্মীদের। দমকলের ৫টি ইঞ্জিনের দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর শুরু হয় উদ্ধার অভিযান। এখনও পর্যন্ত দুটি তলা থেকে ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং আরও একটি তলায় তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্য যুদ্ধের মাঝে হু হু করে কমছে সোনার দাম! আজ কলকাতায় ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?
স্থানীয় বাসিন্দাদের মতে, এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেও বেশ খানিকটা সময় লেগে যায়। তবে দমকল আসার আগেই স্থানীয়রা ঝুঁকি নিয়ে অন্তত তিনজনকে উদ্ধার করতে সক্ষম হন। প্রশাসন জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বৈদ্যুতিক গাড়ির ত্রুটি, চার্জিং ব্যবস্থা ও নিরাপত্তা মানদণ্ড খতিয়ে দেখা হবে। এই দুর্ঘটনা শহরে বৈদ্যুতিক গাড়ির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।












