বাংলা হান্ট ডেস্ক:এবার হুগলি (Hooghly) জেলার অন্তর্গত চন্দননগর মহকুমা হাসপাতালে বিকেলেও মিলবে ডাক্তারি পরিষেবা। এতদিন অনেক হাসপাতালেই বিকেলে আউটডোর পরিষেবা বা ইভিনিং ওপিডি চালু হয়ে গেছিল। এবার থেকে এই সুবিধা চন্দননগরেও (Chandannagar) পাওয়া যাবে।
হুগলির(Hooghly) চন্দননগর হাসপাতালে বিকেলে আউটডোর পরিষেবা চালু
মঙ্গলবার থেকে চালু হলো চন্দননগর মহকুমা হাসপাতালে বিকেলের আউটডোর পরিষেবা। এখন আপাতত দুদিন সপ্তাহে এই সুবিধা পাওয়া যাবে। মঙ্গলবার ও শুক্রবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত ওপিডি চলবে। টিকিট কাউন্টার খোলা থাকবে এই দুই দিন বিকেল চারটে থেকে ছয়টা পর্যন্ত। এই পরিষেবা চালু হলো হাসপাতালের অ্যানেক্স ভবনে।
হাসপাতাল সুপার শান্তনু ঘোষ জানান, মঙ্গলবার ৯ নম্বর কক্ষে শিশু বিভাগ এবং শুক্রবার ১৪ নম্বর কক্ষে মেডিসিন বিভাগ এবং পিপি ইউনিট ১৭ তে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ খোলা থাকবে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন “এই পরিষেবা চালু হওয়ায়, অনেক মানুষ উপকৃত হবেন। সকালে কাজের সঙ্গে যুক্ত থাকায় অনেক মানুষ আসতে পারেন না। তারা বিকেলে চিকিৎসার সুযোগ পাবেন” এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় এই পরিষেবা শুরু হয়েছিল। এবার তাতে নতুন সংযোজন হলো চন্দননগর মহকুমা হাসপাতাল।
আরও পড়ুন:সতর্ক থাকুন, কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’ আতঙ্কে ৩ কোটি টাকা যেভাবে খোয়ালেন দম্পতি…
দিনের বেলা হাসপাতালগুলোতে অতিরিক্ত ভিড় থাকার কারণে অনেক মানুষ চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ পান না। বাড়ির মহিলাদের থাকে সাংসারিক কাজের চাপ। ফলে সকালে অনেকেরই হসপিটালে আসতে সমস্যা হয়। এই সমস্যার কথা বুঝতে পেরেই স্বাস্থ্য দপ্তর বিভিন্ন সরকারি হাসপাতাল গুলিতে বিকেলে আউটডোর পরিষেবা শুরুর নির্দেশ দেয়।
আরও পড়ুন:প্রতীক উরের পথে হেঁটে কি সিপিএম ছাড়ছেন সৃজনও? জল্পনার মাঝেই মুখ খুললেন বাম নেতা

এর আগে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল, উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, চুঁচুড়া জেলা হাসপাতালে এই পরিষেবা চালু হয়েছিল। এগুলি সবই হুগলি জেলায় অবস্থিত। এছাড়া বাঁকুড়া জেলার ছাতনা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও ডেবরা সহ রাজ্যের আরও অনেক জায়গায় এই পরিষেবা চালু হয়েছে। আগামী দিনে আরও অন্যান্য হাসপাতালগুলিতেও যাতে এই পরিষেবা চালু হয়, তার জন্য স্বাস্থ্য দপ্তর চেষ্টা করছে।












