পুজোর জন্য ২১ দিন ইডেন চাইল রাজ্য, রঞ্জি-র ম্যাচ সরছে কল্যাণীতে

Published on:

Published on:

What is being planned for the Durga Puja Ceremony at Eden?
Follow

বাংলা হান্ট ডেস্ক : ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মহালয়ার অনুষ্ঠান ঘিরে এবার বড়সড় প্রস্তুতি। ১০ অক্টোবরের সেই বিশেষ আয়োজনের জন্য শুধু অনুষ্ঠানের দিন নয়, প্রায় তিন সপ্তাহ স্টেডিয়াম নিজেদের ব্যবহারে রাখতে চাইছে রাজ্য। আর এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে বাংলার ক্রিকেট সূচিতেও। ইডেনে যে বাংলা-দিল্লি রঞ্জি ম্যাচ হওয়ার কথা ছিল, সেটিই এবার সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

টানা ২১ দিন ইডেন গার্ডেন্স (Eden Gardens) ব্যবহারের অনুমতি চাইল রাজ্য

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এটাই প্রথম দুর্গাপুজো। সেই উপলক্ষে মহালয়ার দিন ইডেনেই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শারদোৎসবের সূচনা করার পরিকল্পনা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। স্বাভাবিকভাবেই এমন একটি হাই-প্রোফাইল কর্মসূচিকে কেন্দ্র করে মেগা আয়োজন হবে।

সূত্রের খবর, ৮ সেপ্টেম্বর রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ডক্টর সৌমিত্র মোহনের তরফে যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের সচিবকে একটি ই-মেল পাঠানো হয়েছে। সেখানে সিএবির সঙ্গে আলোচনা করে ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন গার্ডেন্স ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হয়েছে।

এখানে বিষয়টি শুধু অনুষ্ঠানের প্রস্তুতিতে সীমাবদ্ধ নয়। প্রধানমন্ত্রী থাকায় নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানস্থল আগে থেকেই নিরাপত্তার আওতায় আনা, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি, গোটা স্টেডিয়ামকে অনুষ্ঠানের উপযোগী করে তোলা—সবকিছুর জন্য সময় লাগবে। আবার অনুষ্ঠান শেষ হওয়ার পরও সঙ্গে সঙ্গে ইডেন ক্রিকেট ম্যাচ আয়োজনের অবস্থায় ফিরবে না। তৈরি করা মঞ্চ, আলোকসজ্জা এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে মাঠ স্বাভাবিক করতে কয়েক দিন প্রয়োজন হবে।

Puja inauguration at Eden Gardens, know where will be Ranji match held

আরও পড়ুন : ‘মুম্বইয়ের রাজা’ এবার কলকাতায়, শহরের সবথেকে বড় গণেশ প্রতিমার আরাধনায় বাংলাহান্ট

আর সেই কারণেই ধাক্কা খাচ্ছে বাংলার ঘরের মাঠের রঞ্জি ম্যাচ। বিসিসিআইয়ের সূচি অনুযায়ী, ১১ অক্টোবর ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে দিল্লির ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগের দিনই সেখানে মহালয়ার অনুষ্ঠান থাকছে। তার উপর ১৫ অক্টোবর পর্যন্ত মাঠ ব্যবহারের পরিকল্পনা থাকায় নির্ধারিত সূচিতে ইডেনে ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থার পথে এগিয়েছে সিএবি। বাংলা ও দিল্লির ম্যাচটি কল্যাণীতে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রঞ্জি ম্যাচের জন্য কল্যাণীর মাঠও তৈরি রাখা হচ্ছে বলে জানিয়েছেন সিএবি সচিব বাবলু কোলে।