বাংলাহান্ট ডেস্ক : ‘ধুরন্ধর’ ছবির আকাশছোঁয়া সাফল্য দিয়ে বলিউডি বক্স অফিসে দুরন্ত কামব্যাক করেছিলেন রণবীর সিং (Ranveer Singh)। কিন্তু আইনি গেরো আর পিছু ছাড়ছে না তাঁর। কর্ণাটক উপকূলের পবিত্র ও প্রাচীন ‘চাউন্দি দৈব’ ঐতিহ্যকে অসম্মান করে নয়া বিতর্কে জড়িয়েছেন রণবীর। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে রণবীরের (Ranveer Singh) বিরুদ্ধে।
দক্ষিণ ভারতীয় প্রথার ব্যঙ্গ করে আইনি জটে রণবীর (Ranveer Singh)
ঘটনার সূত্রপাত গত বছরের ২৮ নভেম্বর। গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এক কাণ্ড ঘটান রণবীর। ‘কান্তারা: চ্যাপ্টার ১’ খ্যাত অভিনেতা ঋষভ শেট্টির উপস্থিতিতেই রণবীর মঞ্চে কুরুচিকর ভাবে ‘গুলিকা দৈব’ এর অভিব্যক্তিগুলি নকল করতে থাকেন বলে অভিযোগ। এখানেই না থেমে ‘চাউন্দি দৈব’ কে ‘নারী ভূত’ বলে উপহাস করেন রণবীর।

কী অভিযোগ রণবীরের বিরুদ্ধে: জানা গিয়েছে, ঋষভ তাঁকে এমনটা না করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু তাঁর কথা কানে তোলেননি রণবীর। এরপরেই আইনি বিপাকে পড়েন রণবীর। বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঘাল ব্যক্তিগত অভিযোগ করে জানিয়েছেন, চাউন্দি দৈব তাঁর পারিবারিক দেবতা। কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের প্রাচীন ‘ভূত কোলা’ রীতির এ এক অবিচ্ছেদ্য অংশ।
আরও পড়ুন : শুধু কমিটি গঠন নয়, কাজ চাই, জেল সংস্কার নিয়ে রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
দায়ের হল মামলা: তিনি অভিযোগ করেছেন, রণবীর ইচ্ছাকৃতভাবে হিন্দু ধর্মবিশ্বাসকে অপমান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। গত ২৩ জানুয়ারি আইনজীবীর অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশকে রণবীরের (Ranveer Singh) বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় আদালত। জানা গিয়েছে, অভিনেতার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় মামলা দায়ের হয়েছে। আগামী ৮ এপ্রিল এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন : পরীক্ষার সময় নির্বাচনী কাজ থেকে অব্যাহতি, মাধ্যমিকের আগে শিক্ষকদের নিয়ে বড় নির্দেশ পর্ষদের
প্রসঙ্গত, এর আগেও নিজের কাণ্ডকারখানার জেরে বিতর্কে জড়িয়েছেন রণবীর। দক্ষিণ ভারতীয় এই পবিত্র রীতিকে উপহাস করে এবার আইনি সমস্যার পাশাপাশি সমালোচনার শিকারও হচ্ছেন তিনি। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি রণবীর।












