বাংলাহান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট বেজে গিয়েছে। ইতিমধ্যেই এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি (BJP)। শোনা যাচ্ছে, বাকি আসনগুলিতে আজই হতে পারে প্রার্থী ঘোষণা। ইতিমধ্যেই বেশ কিছু নাম উঠে আসছে বিভিন্ন কেন্দ্রে। তার মধ্যে সবথেকে বেশি চর্চিত যে নামটি তা হল, ‘অভয়া’র মা। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা এবার বিজেপির প্রার্থী হতে পারেন পানিহাটি কেন্দ্রে, গুঞ্জন এমনটাই। নিহত চিকিৎসকের পরিবারের সূত্রে এমনটাই জানা গিয়েছে বলে খবর।
বিজেপির (BJP) হয়ে এবার সম্ভাব্য প্রার্থী অভয়ার মা
জানা যাচ্ছে, আজ বিকেলের মধ্যেই বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। আর সেখানেই পানিহাটি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতে পারে অভয়ার মার, জানা যাচ্ছে এমনটাই। কিছুদিন আগেই বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভয়ার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। কিন্তু তাঁদের মধ্যে কী কথা হয়েছিল তা কেউই খোলসা করেননি।

পানিহাটি কেন্দ্রে জমে উঠবে লড়াই: পানিহাটি কেন্দ্রে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। অন্যদিকে সিপিএম এই কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে কলতান দাশগুপ্তকে, যিনি আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। এমতাবস্থায় গুঞ্জন সত্যি করে অভয়ার মা যদি বিজেপির প্রার্থী হন তবে এই হেভিওয়েট কেন্দ্রের দিকে যে সকলের নজর ঘুরে যাবে তাতে সন্দেহ নেই।
আরও পড়ুন : জ্বালানি সঙ্কট রুখতে বড় পদক্ষেপ, কেরোসিন বন্টনে এবার আদর্শ কার্যপদ্ধতি জারি খাদ্য দফতরের
অন্যান্য সম্ভাব্য প্রার্থী কারা: এছাড়াও বিজেপির (BJP) দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় বেশ কিছু সম্ভাব্য নাম উঠে আসছে। শোনা যাচ্ছে, জগদ্দল থেকে দাঁড়াতে পারেন ডক্টর রাজেশ কুমার (আইপিএস), নোয়াপাড়া থেকে বিজেপি প্রার্থী করতে পারে অর্জুন সিংকে, ব্যারাকপুর থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন কৌস্তব বাগচী, মানিকতলা থেকে তাপস রায়, জোড়াসাঁকো থেকে বিজয় ওঝা এবং কাশিপুর বেলগাছিয়া থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বিজেপিতে সদ্য যোগ দেওয়া ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : কেদারনাথ মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা, বিশেষ হলফনামা দিতে হবে সারাকে!
২০২৪ এর ৮ অগাস্ট বাংলার বুকে ঘটে গিয়েছিল এক নারকীয় হত্যাকাণ্ড। আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় খুন হয়েছিল তরুণী চিকিৎসক। নির্মমভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছিল তাঁকে, যে ঘটনায় শিউড়ে উঠেছিল গোটা দেশ। ওই ঘটনার অভিঘাত ছড়িয়ে পড়েছিল দেশের বাইরেও। রাতদখল, মাসের পর মাস ধরে প্রতিবাদ মিছিল করেও এখনও পর্যন্ত বিচার পাননি অভয়ার পরিবার। রাজ্য সরকারের বিরুদ্ধেও বারংবার ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে তাঁদের। এবার যদি বিজেপির হাত ধরে প্রার্থী হয়ে অভয়ার মা রাজনীতিতে পা রাখেন তবে তা নিঃসন্দেহে এই ঘটনায় এক নতুন মোড় এনে দেবে।












