মেলে ২৫ হাজার টাকা, রূপশ্রী প্রকল্প নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্কঃ আর্থিকভাবে দুর্বল তরুণীদের বিয়েতে সাহায্য করার জন্য রূপশ্রী (Rupashree Prakalpa) চালু করেছিল তৃণমূল সরকার। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসে এই প্রকল্পও চালু রেখেছে শুভেন্দু সরকার। তবে যাচাইয়ে বেড়েছে কড়াকড়ি।

রূপশ্রীদের যাচাইয়ে হাতিয়ার কন্যারত্ন | Rupashree Prakalpa

যাতে ১৮ বছরের কম বয়সি কোনো মেয়ের হাতে যাতে রাজ্যের তরফে দেওয়া রূপশ্রী প্রকল্পের টাকা না পৌঁছায় তা নিশ্চিত করতে আবেদনকারীদের বয়স যাচাইয়ে ‘কন্যারত্ন’ (পূর্বে কন্যাশ্রী) প্রকল্পের তথ্যভাণ্ডার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। পূর্বের একাধিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিবাহকালীন আর্থিক সহায়তা অযোগ্যদের কাছে যাতে না পৌঁছায় তা নিশ্চিত করতেই নয়া উদ্যোগ সরকারের।

Rupashree Prakalpa(1)

রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য অন্যতম শর্ত হল, আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছর হতে হবে। পারিবারিক আয় বছরে দেড় লক্ষ টাকার কম হলে তবে মেলে এই আর্থিক সাহায্য। যেহেতু বাল্যবিবাহ ঠেকানোই মূল লক্ষ্য তাই ‘রূপশ্রী’র আবেদনকারীদের তথ্য ‘কন্যারত্ন’-এর তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার তরফে।

আরও পড়ুন: সরকারি কর্মীর মৃত্যু হলে পরিবারের সদস্যরা পাবেন ফ্যামিলি পেনশন! কারা যোগ্য? নিয়ম জানুন

রাজ্য সরকারের ‘রূপশ্রী’ প্রকল্প মূলত মেয়েদের বিয়ের জন্য। যাদের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে তারা এই প্রকল্পের সুবিধা পায়।
বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। ওদিকে সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের ছাত্রীদের অষ্টম শ্রেণি থেকে ‘কন্যারত্ন’ প্রকল্পে বার্ষিক আর্থিক সহায়তা দেওয়া হয়। এরপর দ্বাদশ পাশ করে অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে নিয়ে গেলে এককালীন অনুদান ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এক্ষেত্রেও বয়স হতে হবে ১৮ বছর।

সম্প্রতি এই অনুদান দ্বিগুন করার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য। এক্ষেত্রে প্রশাসনিক মহলের ধারণা ‘কন্যারত্ন’-এর তথ্যভাণ্ডারের সঙ্গে ‘রূপশ্রী’র আবেদনকারীর তথ্য মেলালে প্রকৃত বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। প্রশাসন সূত্রে খবর, মূলত যেসব আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বা ২১ বছরের মধ্যে থাকবে, তাঁদের ক্ষেত্রে এই পন্থা অবলম্বনে জোর দিতে হবে।

যারা ‘কন্যারত্ন’ প্রকল্পের সুবিধা পাননি, এমন ‘রূপশ্রী’ আবেদনকারীদের ক্ষেত্রেও বয়স সংক্রান্ত নথি যাচাইয়ে কড়া নজর দেওয়া হবে। নবান্ন সূত্রে খবর, আগের সরকারের ‘কন্যাশ্রী’র টাকা পাওয়ার আগেই ‘রূপশ্রী’র টাকা পেয়ে গিয়েছিলেন অনেকে। কন্যাশ্রী মেলে ১৮ বছর হলে। কীভাবে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিয়ে, এই নিয়ে প্রশ্ন। এই সকল ঘটনা ঠেকাতেই এবার তৎপর প্রশাসন।