বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। ইতিমধ্যে বিভিন্ন দল তাদের দলকে জেতানোর জন্য প্রচার শুরু করেছে। প্রচারে নেমে বিরোধীদলকে আক্রমণ করা খুবই স্বাভাবিক। সেই নিয়মেই এবার পূর্ব বর্ধমানে প্রচারে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Satarup Ghosh)। একইসঙ্গে ক্ষমতায় এলে কী কী পদক্ষেপ নেবে বাম শিবির, তা নিয়েও একাধিক প্রতিশ্রুতি শোনালেন তিনি।
প্রচারে নেমে কি বললেন শতরূপ (Satarup Ghosh)?
সোমবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোঁয়াইচণ্ডীতে সিপিএমের নির্বাচনী জনসভা থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন শতরূপ ঘোষ (Satarup Ghosh)। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গালগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে, কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না।” শুধু সমালোচনা নয়, ক্ষমতায় এলে কী করবে বামফ্রন্ট, সেই রূপরেখাও তুলে ধরেন তিনি। শতরূপের দাবি, পঞ্চায়েত ও পুরসভায় কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারী, আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের এক বছরের মধ্যে স্থায়ী করা হবে। পাশাপাশি তাঁদের মাসিক বেতন অন্তত ২২ হাজার টাকা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
প্রচারের মঞ্চ থেকে কর্মসংস্থানের প্রশ্নও জোরালোভাবে তোলেন শতরূপ (Satarup Ghosh)। তিনি বলেন, “মোদী রামমন্দির গড়ছেন, মমতা জগন্নাথ মন্দির বানাচ্ছেন, কিন্তু বেকার যুবক-যুবতীরা বসে বসে তা দেখছে। শেষে কি ভিক্ষা করতে হবে?” এ দিন খণ্ডঘোষে তৃণমূল প্রার্থীকে ঘিরে গোষ্ঠী বিক্ষোভ নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, “নীতির জন্য কেউ তৃণমূল করে না। সাধারণ কর্মীদের বলা হয় লড়াই করতে, আর নেতারা কোটি কোটি টাকার মালিক হন। এই জীবন কি চান?”
রাজ্যের ২৯৪টি আসন প্রসঙ্গে বাস্তববাদী সুরে শতরূপ (Satarup Ghosh) বলেন, সব আসনে জেতা সম্ভব নয়, কিন্তু ভোটের হার বাড়বে এবং বেশ কিছু আসনে জয় আসবে। সেই কারণেই খণ্ডঘোষ আসন জেতাকে বিশেষ গুরুত্ব দেন তিনি।এছাড়াও কৃষি বাজার নিয়েও সরব হন সিপিএম নেতা। অভিযোগ করেন, অনেক কিষাণ মান্ডি তৈরি হলেও সেগুলির যথাযথ ব্যবহার হচ্ছে না। তাঁর দাবি, বাজারে আলুর দাম নেই, অথচ রাজনৈতিক স্বার্থেই সব কিছু চলছে।

আরও পড়ুনঃ ভোটের জন্য গাড়ি বা বাস নিলে কত ভাড়া গুনতে হবে? কমিশনকে হিসাব দিল পরিবহন দপ্তর
শেষে শতরুপ (Satarup Ghosh) আরও বলেন, আগে থেকেই কলকাতায় মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেই অভিযোগের পুনরাবৃত্তি করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে মামলা করা হোক, এটাও বলেন।












