বাংলাহান্ট ডেস্ক : বাংলা ইউটিউব জগতে ‘ননসেন’ অত্যন্ত পরিচিত নাম। মূলত কমেডি ভিডিও বানালেও প্রাসঙ্গিক বিষয়ও উঠে আসে তাঁর ভিডিওতে। অনুরাগীর সংখ্যাও প্রচুর তাঁর। কিন্তু এবার এই ‘ননসেন’ (Nonsane) ওরফে শমীক অধিকারীর বিরুদ্ধে উঠল বিষ্ফোরক অভিযোগ। বাড়িতে আটকে রেখে শারীরিক অত্যাচার এবং যৌন হেনস্থা করার মতো গুরুতর অভিযোগ আনলেন শমীকেরই প্রেমিকা।
যৌন হেনস্থার অভিযোগ উঠল ‘ননসেন’ (Nonsane) এর বিরুদ্ধে
বুধবার বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। তাঁর অভিযোগ, বেহালার এক ফ্ল্যাটে গত ২ রা থেকে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত আটকে রাখেন শমীক। তিনি আরও অভিযোগ করেছেন, জোর করে তাঁকে বিবস্ত্র করার চেষ্টা করেন শমীক। মারধোর, শরীরে আপত্তিকর ভাবে স্পর্শ করার অভিযোগও আনা হয়েছে। বিষয়টি যাতে জানাজানি না হয় তার জন্য নাকি তাঁকে হুমকি দেওয়া হয় বলে দাবি তরুণীর।

কী জানালেন শমীক: এদিকে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছেন শমীক। সংবাদ মাধ্যমের কাছে তিনি জানান, দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের। দুদিন আগে বড়সড় অশান্তিও নাকি হয়েছিল তাঁদের। এখনও ঝামেলা অব্যাহত। তিনি মানসিক সম্বল হারিয়ে ফেলেছিলেন বলে জানান শমীক (Shamik Adhikary)। তবে তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। কিন্তু কেন সেটা তিনি বুঝতে পারছেন না।
আরও পড়ুন : পয়লা বৈশাখের আগেই শুরু যাত্রী পরিষেবা? কবি সুভাষ মেট্রো স্টেশন নিয়ে বড় আপডেট
দায়ের হয়েছে এফআইআর: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Nonsane) আরও বলেন, এতদিনের সম্পর্ক। তিনি বিষয়টায় অবাক হয়ে যাচ্ছেন। প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে সেটা তো তাঁর অনুমতি নিয়েই হবে। এ বিষয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, তিনি যেই হন না কেন, এ কাজ করা যায় না। অভিযোগের সত্যতা থাকলে সেটার তদন্ত হয়ে উপযুক্ত শাস্তি হোক। তিনি আরও বলেন, অভিযোগকারিনী যদি তাঁদের জানান তবে নিশ্চয়ই পাশে থাকবেন।
আরও পড়ুন : লাগাতার প্রাণনাশের হুমকি, হামলাও হয় গোবিন্দার উপর! যোগীর সঙ্গে সাক্ষাতের পরেই গুরুতর অভিযোগ
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে একটি ভিডিওকে ঘিরে চর্চায় উঠে এসেছিলেন ননসেন। নাম না করে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, দুর্নীতি থেকে নারী নিরাপত্তা নিয়েও কটাক্ষ শানিয়েছিলেন নিজের ভিডিওর মাধ্যমে। বিষয়টি নিয়ে সেসময় ব্যাপক শোরগোল পড়েছিল। এমনকি বিনোদুনিয়ার একাধিক তারকার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ননসেনকে। কিন্তু ভিডিও ডিলিট করেননি তিনি। তাৎপর্যপূর্ণ ভাবে তারপরেই এমন গুরুতর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটমহলে।
















