বাংলা হান্ট ডেস্ক : বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে রাজ্যের স্কুলগুলিতে (Schools) বড় পরিবর্তনের পরিকল্পনা করছে স্কুল শিক্ষা দফতর। অষ্টম শ্রেণির পরেও যাতে তাঁদের পড়াশোনা বন্ধ না হয়ে যায় এবং সাধারণ স্কুলেই উচ্চতর শ্রেণিতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সেই লক্ষ্যেই নতুন ব্যবস্থা তৈরির কথা ভাবা হচ্ছে। স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী একথা প্রকাশ্যে জানিয়েছেন।
রাজ্যের স্কুলগুলিতে (Schools) পড়বে বিশেষভাবে সক্ষম পড়ুয়ারা
বর্তমান মূলধারার স্কুল ব্যবস্থায় বিশেষভাবে সক্ষম শিশুদের প্রয়োজন অনুযায়ী সবসময় উপযুক্ত ব্যবস্থা থাকে না। ফলে প্রাথমিক স্তর পার করার পর তাঁদের একটি অংশকে পড়াশোনা থেকে সরে যেতে হয়। এই পরিস্থিতি বদলাতে স্কুলগুলিকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, স্কুলের প্রয়োজনীয় পরিকাঠামো ঢেলে সাজানোর পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রাখার উপর গুরুত্ব দেওয়া হবে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সহায়ক উপকরণও সরবরাহ করা হতে পারে। স্কুলের ভিতরে চলাফেরার ক্ষেত্রেও যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, শুধু ক্লাসরুমে বসে পড়াশোনার সুযোগ নয়, গোটা স্কুল চত্বরেই যাতে তাঁরা যতটা সম্ভব স্বাধীনভাবে চলতে পারেন, সেই বিষয়টিও পরিকল্পনার মধ্যে রাখা হচ্ছে। শিক্ষকদের পাশাপাশি স্কুলের অন্যান্য কর্মীদের মানসিকতার পরিবর্তনকেও গুরুত্ব দিচ্ছে দফতর। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে এবং তাঁদের প্রয়োজন কীভাবে বুঝতে হবে, সে বিষয়ে আরও সংবেদনশীল হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছে সরকার। কৌশিক চৌধুরী বলেন, “বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। প্রত্যেককে তাঁদের প্রতি আরও যত্নশীল এবং সংবেদনশীল হতে হবে।”

আরও পড়ুন : কলকাতায় ২০৯ আসনে প্রার্থী দেবে ‘আসল’ তৃণমূল! পুজোর পরই কি পুরভোট?
শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী সাধারণ স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। কিন্তু অষ্টম শ্রেণির পর পরিস্থিতি অনেকটাই বদলে যায়। সেই সময় বহু পড়ুয়া নিয়মিত শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে সমস্যায় পড়েন। এই কারণেই এবার অষ্টম শ্রেণির গণ্ডির পরেও বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের শিক্ষার সঙ্গে যুক্ত রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে রাজ্য।













