বাংলা হান্ট ডেস্ক : অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের নজর এখন কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকে। নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে কর্মরতদের বেতন কাঠামোয় পরিবর্তনের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনেও প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) বাড়বে পেনশন ?
কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের ‘টার্মস অফ রেফারেন্স’ বা ToR-এ কোনও পরিবর্তন আনতে পারে- এই প্রশ্ন উঠছে। প্রশাসনিক ও নীতিগত দিক থেকে সেই সুযোগ সরকারের রয়েছে বলেই সংশ্লিষ্ট মহলের মত। কোনও বেতন কমিশনকে কোন কোন বিষয় খতিয়ে দেখতে হবে, তার একটি রূপরেখাই তৈরি করে ‘টার্মস অফ রেফারেন্স’। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশিকা নির্ধারিত হয়। বেতন, ভাতা, চাকরির বিভিন্ন শর্ত, অবসরকালীন সুবিধা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সাধারণত কমিশনের বিবেচনার মধ্যে থাকে।
সরকারের প্রয়োজন অনুযায়ী ‘টার্মস অফ রেফারেন্স’ সংশোধনের সুযোগ রয়েছে। ফলে ভবিষ্যতে যদি কেন্দ্র মনে করে, মূল্যবৃদ্ধি এবং বর্তমান জীবনযাত্রার খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন নতুন করে নির্ধারণ করা দরকার, তাহলে কমিশনের দায়িত্বের মধ্যে সেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া যেতে পারে।
কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠন এবং পেনশনভোগীদের বিভিন্ন সংগঠনের দাবি, অষ্টম বেতন কমিশনের আওতায় পেনশন পুনর্বিবেচনার বিষয়টি যেন কোনওভাবে অস্পষ্ট না থাকে। অবসরপ্রাপ্তদের আর্থিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচ বিবেচনা করে পেনশন পুনর্নির্ধারণের সুযোগ রাখা হোক—এমনই দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে।
পেনশন পুনর্বিবেচনার সুযোগ তৈরি হলে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে। এর মধ্যে রয়েছে নোশনাল পে নির্ধারণ, ফিটমেন্ট ফ্যাক্টরের প্রয়োগ এবং ন্যূনতম পেনশনের পরিমাণ বাড়ানোর মতো বিষয়। তবে এগুলি কার্যকর হবে কি না, কিংবা হলে কীভাবে হবে, তা শেষ পর্যন্ত কমিশনের সুপারিশ এবং কেন্দ্রের অনুমোদনের উপর নির্ভর করবে। মূলত মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তা কতটা বাড়ানো যায়, সেটিই এই আলোচনার কেন্দ্রবিন্দু।

আরও পড়ুন : পরিচারিকার কাজ করেও পাননি অন্নপূর্ণার টাকা! পুরসভায় মহিলাদের বিক্ষোভ
অষ্টম বেতন কমিশনের চূড়ান্ত টার্মস অফ রেফারেন্স-এ পেনশনকে কতটা গুরুত্ব দেওয়া হয়, সেদিকেই এখন নজর। কেন্দ্র যদি সত্যিই কমিশনের কাজের পরিধিতে এই বিষয়টি আরও স্পষ্ট করে, তাহলে বহু অবসরপ্রাপ্ত কর্মীর ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনায় তার বড় প্রভাব পড়তে পারে। তবে শেষ পর্যন্ত পেনশন কতটা বাড়বে, তা জানতে কমিশনের সুপারিশ এবং কেন্দ্রের চূড়ান্ত সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করতে হবে।














