যোগ্য শিক্ষকদের জন্য বড় স্বস্তি! চাকরির মেয়াদ ও বেতন নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court's major verdict regarding qualified teachers
Follow

বাংলা হান্ট ডেস্ক : যোগ্য শিক্ষকদের চাকরি আপাতত থাকছেই। নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো যোগ্য শিক্ষকদের জন্য নমাসের মেয়াদ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ৩১ মে, ২০২৭ পর্যন্ত তাঁরা চাকরি করতে পারবেন এবং এই সময়ের জন্য বেতনও পাবেন। তবে শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, এটাই শেষবার সময় বাড়ানো হল। এর পরে আর মেয়াদ বৃদ্ধির আবেদন গ্রহণ করা হবে না।

যোগ্য শিক্ষকদের নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)

রাজ্য সরকার এবং চাকরিতে থাকা ১৭ হাজার যোগ্য শিক্ষক—দুই পক্ষের তরফেই চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নতুন শিক্ষক নিয়োগের গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। আগামী বছরের ৩১ মে-র মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য রাজ্যকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বর্তমানে কর্মরত যোগ্য শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন। তাঁদের বেতনও বন্ধ হবে না। কিন্তু এই সুবিধা অনির্দিষ্টকালের জন্য নয়। আদালতের নির্দেশে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে শেষ সময়সীমা। এই রায়ের পর সাময়িক স্বস্তি প্রকাশ করেছেন চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। তবে আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয়ও রয়েছে তাঁর।

চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, “আমরা অবশ্যই সাময়িকভাবে এই দিক থেকে একটা স্বস্তির জায়গায় যে আমাদেরব বেতন বন্ধ হয়ে যাচ্ছে না। নতুন নিয়োগের পদ্ধতি আট মাসের মধ্যে শেষ করাটা কতটা সম্ভব…. মানে ওই যে গত দেড় বছর ধরে আমরা দেখছি তারপরে বিভিন্ন নিয়ম কানুনে বদল হচ্ছে, মাঝখানে অনেক কিছুই বাধা আসছে। … অতএব এতগুলো recruitment process কীভাবে complete করবে আমরা জানি না।”

প্রসঙ্গত, নিয়োগে অনিয়ম ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের জেরে তৃণমূল সরকারের আমলে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল। পরে যোগ্য প্রার্থীদের পৃথক করে নতুন নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের পথে এগোয় রাজ্য। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৫ সালে ফের SLST পরীক্ষা নেওয়া হয়। নতুন নিয়োগ প্রক্রিয়ায় ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে সুপারিশপত্র দেওয়া শুরু হয়েছে। কিন্তু পুরো প্রক্রিয়া এখনও শেষ হয়নি। ভেরিফিকেশন নিয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ায় মধ্যশিক্ষা পর্ষদ সেই প্রক্রিয়া স্থগিত রাখে। অন্যদিকে, OBC সংরক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে স্কুল সার্ভিস কমিশনের কাউন্সেলিং প্রক্রিয়াতেও স্থগিতাদেশ রয়েছে।

Supreme Court's major verdict regarding qualified teachers

আরও পড়ুন : চলতি মাসেই চালু হয়েছে! আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে এবার বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, এদিনের নির্দেশে চাকরি নিয়ে আপাতত স্বস্তি পেলেন যোগ্য শিক্ষকরা। তবে একই সঙ্গে তাঁদের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েক মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কতটা দ্রুত এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার উপর। আদালত শেষ সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ায় এবার নিয়োগ প্রক্রিয়া শেষ করার চাপও যথেষ্ট বেড়ে গেল।