বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সরাসরি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নতুন কর্মসূচির কথা ঘোষণা করল বিএনপি। শুক্রবার দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে চেয়ারম্যান তারেক রহমান জানালেন, ক্ষমতায় এলে চালু করা হবে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প। এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি প্রতি মাসে নগদ ২,৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবে। দলীয় সূত্রে জানানো হয়েছে, আর্থিক পরিস্থিতি ও বাস্তবতার নিরিখে ভবিষ্যতে এই সহায়তার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হতে পারে।
ক্ষমতায় এলে বাংলাদেশে (Bangladesh) ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি বিএনপির:
এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুলনা। অনেকের মতে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সঙ্গে মিল রয়েছে বিএনপির এই ভাবনার। তবে পার্থক্যও স্পষ্ট। যেখানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেখানে বিএনপি জানিয়েছে, ‘ফ্যামিলি কার্ড’-এর ক্ষেত্রে নগদের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহের ব্যবস্থাও রাখা হবে। এতে বাজারদরের ওঠানামার প্রভাব কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে মনে করছে দল।
আরও পড়ুন: ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় ভারতের দিকে দোষারোপ পাকিস্তানের! কড়া জবাব দিল্লির
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিএনপির ইস্তেহারে মোট ৯টি প্রধান প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ এই ‘ফ্যামিলি কার্ড’। পাশাপাশি কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর কথা বলা হয়েছে, যার মাধ্যমে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি বিমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ফসল বাজারজাতকরণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই সুবিধার আওতায় মৎস্যজীবী, খামারি এবং কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও থাকবেন বলে জানানো হয়েছে।
ইস্তেহারে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রেও বড় পরিবর্তনের আশ্বাস দিয়েছে বিএনপি। দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশজুড়ে এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগর স্তরে উন্নত চিকিৎসা পরিষেবা এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসুরক্ষার কথা বলা হয়েছে। একই সঙ্গে রোগ প্রতিরোধমূলক কর্মসূচি বিস্তারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, প্রযুক্তিনির্ভর শিক্ষা সহায়তা এবং ‘মিড-ডে মিল’ চালুর কথাও ইস্তেহারে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন: RAC টিকিটে যাত্রীদের ভাড়া ফেরতের দাবি, রেল মন্ত্রককে কড়া সুপারিশ PAC-এর
তরুণ সমাজকে কেন্দ্র করে কর্মসংস্থান, কারিগরি ও ভাষা দক্ষতা বৃদ্ধি, স্টার্ট-আপ ও উদ্যোক্তা সহায়তা এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগের আশ্বাস দিয়েছে দল। বিএনপির দাবি, এই ইস্তেহার শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতির তালিকা নয়, বরং একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিদেশনীতি প্রসঙ্গে জানানো হয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা হবে—বন্ধু থাকবে, কিন্তু কোনও প্রভু নয়। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন এবং পদ্মা-তিস্তা-সহ অভিন্ন নদীর জলের ন্যায্য হিস্যা আদায়ে সক্রিয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে বিএনপি।













