শিশুর আধার আপডেট এবার একেবারে বিনামূল্যে! এই তারিখ পর্যন্ত মিলবে সুযোগ

Published on:

Published on:

Update your child's Aadhaar Card for free before deadline
Follow

বাংলা হান্ট ডেস্ক : স্কুলে ভর্তি থেকে যেকোনো পরীক্ষা কিংবা স্কলারশিপ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও আধার কার্ড(Aadhaar Card) খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট কিছু বয়স অন্তর সেই আধার কার্ড আপডেট করতে হয়। এবার শিশুর আধার কার্ডে বায়োমেট্রিক তথ্য আপডেট করাতে, আর খরচের চিন্তা করতে হবে না। এই কাজের জন্য আপাতত বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। ফলে বাড়িতে ৫ বছর বা তার বেশি বয়সি সন্তান থাকলে আধারের তথ্য একবার যাচাই করে নেওয়া প্রয়োজন।

সন্তানের আধার কার্ড (Aadhaar Card) আপডেটে টাকা লাগবে না

UIDAI জানিয়েছে, শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য এই বিশেষ সুবিধা ৫ বছর বয়স থেকে ১৭ বছর বয়স পর্যন্ত পাওয়া যাবে। মূলত শিশুর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আধারের বায়োমেট্রিক তথ্য নির্ভুল রাখাই এই উদ্যোগের উদ্দেশ্য। শিশুদের শারীরিক বৈশিষ্ট্য সময়ের সঙ্গে দ্রুত বদলায়। তাই নির্দিষ্ট বয়সে আধারের বায়োমেট্রিক তথ্য নতুন করে নথিভুক্ত করা হয়। UIDAI-এর নিয়ম অনুযায়ী, শিশুর ৫ বছর পূর্ণ হলে প্রথমবার এবং ১৫ বছর বয়সে ফের বায়োমেট্রিক আপডেট করা প্রয়োজন।

UIDAI সম্প্রতি সমাজমাধ্যমে এই সংক্রান্ত ঘোষণা করে জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য কোনও টাকা দিতে হবে না। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে এক বছরের জন্য এই বিনামূল্যের পরিষেবা চালু করা হয়েছিল। ৫ ও ১৫ বছর বয়সে বাধ্যতামূলক আপডেটের কথা মাথায় রেখেই এই সুবিধা দেওয়া হয়েছে।

জন্মের পর শিশুর আধার তৈরি করা গেলেও তখনই প্রাপ্তবয়স্কদের মতো বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় না। এই কারণেই পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য বাল আধার বা ব্লু আধার তৈরি করা হয়। সাধারণ আধার কার্ডের তুলনায় এর প্রাথমিক তথ্যের ধরন কিছুটা আলাদা। পরবর্তীতে শিশুর বয়স ৫ বছর পূর্ণ হলে আধারে বায়োমেট্রিক তথ্য সংযুক্ত করার নিয়ম রয়েছে। আবার ১৫ বছর বয়সেও বায়োমেট্রিক আপডেট করতে হয়। তাই বয়স অনুযায়ী এই দুটি পর্যায় অভিভাবকদের বিশেষভাবে মনে রাখা দরকার।

Update your child's Aadhaar Card for free before deadline

আরও পড়ুন : ফের ব্যাঙ্ক ধর্মঘট! সেপ্টেম্বরে একাধিক দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

শিশুর পরিচয় যাচাইয়ের জন্য বাবা-মা অথবা আইনগত অভিভাবকের আধার নম্বরের সঙ্গেও শিশুর আধার যুক্ত করা হয়। উল্লেখ্য, সন্তানের বয়স যদি ৫ বা ১৫ বছরের কাছাকাছি হয়, তাহলে আধারের বায়োমেট্রিক আপডেটটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে করিয়ে নেওয়াই ভালো। ‌ এতে কোন খরচ বহন করতে হবে না।