জেন-জির মন জয়ে রাজ্যে প্রথম এন-জেন পোস্ট অফিস! কী কী সুবিধা মিলবে জানেন?

Published on:

Published on:

West Bengal’s first N-Gen Post Office started in Haldia
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এদেশে পোস্ট অফিসের গুরুত্ব অপরিসীম। একসময় চিঠি আদান-প্রদানের মধ্যে সীমিত থাকলেও পরবর্তীতে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে আধুনিক ব্যাঙ্কিং এবং ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্র হিসেবে এটি উঠে এসেছে। এবার সেই পোস্ট অফিসের (Post Office) ইতিহাসেই এক নতুন অধ্যায়ের সূচনা হল। নতুন প্রজন্মকে আরও বেশি ডাকঘরমুখী করে তুলতে হলদিয়ায় চালু হল রাজ্যের প্রথম এন-জেন পোস্ট অফিস (N-Gen Post Office) তথা নেক্সট জেনারেশন পোস্ট অফিস। বাকি ডাকঘরের থেকে একেবারে আলাদা এই পোস্ট অফিসে মিলবে নানা অত্যাধুনিক সুবিধা।

এন-জেন পোস্ট অফিসে কী কী সুবিধা মিলবে? | (N-Gen Post Office)

সময়ের সঙ্গে পোস্ট অফিসে বিভিন্ন সুযোগ-সুবিধা চালু হলেও দেখা যায়, বর্তমান প্রজন্ম বা জেন-জির একটি বড় অংশ আজও ডাকঘর বিমুখ। রাজ্যের তরুণ প্রজন্মের সঙ্গে তৈরি হওয়া এই দূরত্ব দূর করতে এন-জেন পোস্ট অফিস চালু করল ভারতীয় ডাক বিভাগ। শহরের একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে এই ডাকঘর গড়ে তোলা হয়েছে।

আরও পড়ুনঃ বাড়ি বসেই পেয়ে যান বার্থ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি! কী কী নথি দরকার, সঠিক পদ্ধতি জানুন

এই বিষয়ে পশ্চিমবঙ্গ সার্কেলের দক্ষিণবঙ্গ অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, “এন-জেন পোস্ট অফিস চালু করার মূল উদ্দেশ্যই হল তরুণ প্রজন্মকে ডাকঘরের সঙ্গে ফের আত্মিকভাবে যুক্ত করা। সেই লক্ষ্য সামনে রেখে অফিসের আধুনিকীকরণ, উন্নত ডিজিটাল পরিষেবা নিশ্চিত করা হয়েছে।“

হলদিয়ার এই নেক্সট জেনারেশন পোস্ট অফিস বাইরে থেকে দেখলে কিংবা ভিতরে ঢুকলে মনে হয় যেন কোনও কর্পোরেট অফিস। গ্রাহকদের জন্য আরামদায়ক সোফা, সুন্দর সুন্দর দেওয়ালচিত্র রয়েছে। পাশাপাশি আড্ডার মেজাজে কিছুটা সময় কাটানোর জন্য আছে কফি কর্নার। তবে সবকিছুর মাঝে আলাদা করে নজর কেড়েছে ডিজিটাল ডিটক্স কর্নার।

N-Gen Post Office

ল্যাপটপ, কম্পিউটার বা স্মার্টফোন ছেড়ে তরুণ প্রজন্ম যাতে অবসর সময়ে ফের বই পড়ার অভ্যাসে ফিরে যেতে পারে, সেই জন্য এই ডিজিটাল ডিটক্স কর্নারে একটি সুন্দর বুকশেল্ফ রাখা হয়েছে। পাশাপাশি এই এন-জেন পোস্ট অফিসে রয়েছে একেবারে ডিজিটাল ও অনলাইন লেনদেন এবং দ্রুত পার্সেল পাঠানোর সুবিধা।

বিগত কয়েক বছরে তরুণ প্রজন্ম যেন আস্তে আস্তে পোস্ট অফিস বিমুখ হয়ে উঠেছে। তাঁদের ফের ডাকঘরমুখী করে তুলতে এন-জেন পোস্ট অফিস চালু করেছে ভারতীয় ডাক বিভাগ। তাঁদের বিশ্বাস, আগামীদিনে এদেশের ডাক পরিষেবার আমূল পরিবর্তনের ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।