আর মাত্র ২৪ ঘণ্টা! শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় হতে চলেছে ‘আকভান’, কোন দিকে অভিমুখ?

Published on:

Published on:

When will the new cyclone 'Akvan' make landfall

বাংলা হান্ট ডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপকে ঘিরে ক্রমশ বাড়ছে ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী সোমবারের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এই নিম্নচাপ। ‘আকভান’ নামে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের গতিপথ কোন দিকে হবে, তা নিয়ে এখন নজর রাখছে আবহাওয়া দফতর। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের পাশাপাশি বাংলার আবহাওয়াতেও এর কোনও প্রভাব পড়বে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আপাতত সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায়।

কবে আছড়ে পড়বে নতুন এই ঘূর্ণিঝড় (Cyclone) ‘আকভান’?

মৌসম ভবনের পর্যবেক্ষণ অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে জন্ম হওয়া নিম্নচাপ শনিবার ১৪ নভেম্বর সকাল সাড়ে ৫টার মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। গত কয়েক ঘণ্টায় শক্তি সঞ্চয় করেছে ওই ঘূর্ণাবর্ত। আবহাওয়াবিদদের ধারণা, পরবর্তী ২৪ ঘণ্টায় এর তীব্রতা আরও বাড়বে। তখন এটি গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে। এরপর উত্তর ও উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়ে সোমবার, ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।

When will the new cyclone 'Akvan' make landfall

নতুন ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান। পারস্যের লোককথা এবং মহাকাব্য ‘শাহনামা’য় ‘আকভান দিভ’ নামে এক অলৌকিক ক্ষমতাসম্পন্ন দানবের উল্লেখ পাওয়া যায়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির অভিমুখ নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। প্রাথমিক অনুমান অনুযায়ী, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এর প্রভাব পড়ার আশঙ্কা তুলনামূলক বেশি। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ ও শক্তি সম্পর্কে নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন : শীতের আমেজে ঝাল ঝাল চিকেন ভর্তা, রইল রেসিপি

বাংলার ক্ষেত্রে অবশ্য বড় ধরনের বিপর্যয়ের পূর্বাভাস এখনও নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলেও পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব তীব্র হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে একেবারে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে হাওয়া চলার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিশেষে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

ফলে মৎস্যজীবী থেকে শুরু করে সমুদ্রের উপর নির্ভরশীল মানুষজনের সতর্ক থাকা জরুরি। ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি এবং উপকূলে সম্ভাব্য প্রভাব সম্পর্কে আগামী কয়েক দিনের আবহাওয়া বুলেটিনেই আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।