বাংলা হান্ট ডেস্ক: স্বাধীন ভারতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস (Republic Day) হিসেবে পালিত হয়। আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন দেশে স্থায়ী কোন সংবিধান ছিল না। তাই সংবিধান রচনার জন্য ১৯৪৭ সালের ২৮ আগস্ট একটি ড্রাফটিং কমিটি তৈরি করা হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান ছিলেন বাবা সাহেব আম্বেদকর। কমিটি একটি খসড়া তৈরি করে যা পরে তারা গণপরিষদে জমা দেয়। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর থেকে গৃহীত হয় সংবিধান এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই সংবিধান।
প্রজাতন্ত্র (Republic Day) না সাধারণতন্ত্র কোনটা বলা সঠিক?
ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় রিপাবলিক শব্দটি রয়েছে। যার বাংলা অনুবাদ দাঁড়ায় সাধারণতন্ত্র। সরকারি নথিপত্র, সংবাদপত্র এবং প্রশাসনিক ক্ষেত্রে এই দিনের আমন্ত্রণ পত্র গুলোতে সাধারণতন্ত্র কথাটির উল্লেখ লক্ষ্য করা যায়। কিন্তু চলতি কথায় ‘প্রজাতন্ত্র দিবস’ এই কথাটি বেশি প্রচলিত।
আসলে প্রজাতন্ত্র এবং সাধারণতন্ত্র এই দুটি কথার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। প্রজা বলতে বর্তমানে জনসাধারণকে বোঝানো হচ্ছে। কিন্তু আসলে প্রজা শব্দটি ব্যবহার করা হতো যখন রাজতন্ত্র প্রচলিত ছিল। কিন্তু বর্তমানে রাজতন্ত্র ভারতে প্রচলিত নেই।
আরও পড়ুন:‘মোক্ষম সময়েই সব ফাঁস হবে’, বড় কেলেঙ্কারির ইঙ্গিতে রাজ্য অচলের হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
তবে কোন কোন জায়গায় আবার রাজতন্ত্র প্রচলিত আছে, কিন্তু দেশ হিসেবে সেটি গণতান্ত্রিক রাষ্ট্র। যেমন ব্রিটেন, সে দেশে রাজা রানী নিয়মতান্ত্রিক শাসক আর প্রশাসনিক দিক থেকে প্রধান হলেন প্রধানমন্ত্রী। কিন্তু ভারতে এরকম কোন ব্যবস্থা নেই এখানে সরাসরি মানুষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। প্রধানমন্ত্রী এখানে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে, দেশকে পরিচালনা করেন। তাই সংবিধান বিশেষজ্ঞরা ভারতকে সাধারণতন্ত্র বলাই বেশী যুক্তিযুক্ত বলে মনে করেন। সে কারণেই সরকারি ক্ষেত্রগুলিতে ২৬ জানুয়ারিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে অভিহিত করা হয়।
আরও পড়ুন:প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান! অল্প খরচে পরিবারকে নিয়ে ঘুরে আসুন রাবণধারা

তাই চলতি কথায় ২৬ জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলা হলেও বর্তমানে সাধারণতন্ত্র কথাটি বেশি যুক্তিযুক্ত। কারণ দেশে সবাই সমান নাগরিক, সকলেই সমান অধিকার ভোগ করে। তাই এখানে তারা কেউ কারোর প্রজা নয়। গণপ্রতিনিধিকে তারা নিজেদের পছন্দ অনুসারে নির্বাচন করে আনে। সেদিক থেকে সাধারণতন্ত্র কথাটি উপযুক্ত আজকের দিনের প্রেক্ষাপটে।











