বাংলাহান্ট ডেস্ক : অরিজিৎ সিংকে (Arijit Singh) নিয়ে জল্পনা যেন থামছেই না। প্লেব্যাক থেকে অবসর ঘোষণার পর থেকেই লাগাতার চর্চায় রয়েছেন গায়ক। উপরন্তু সম্প্রতি আবার অরিজিতের টানে সুদূর মুম্বই থেকে তাঁর জিয়াগঞ্জের বাড়িতে এসে হাজির আমির খান। কেন, কী উদ্দেশ্যে এলেন অভিনেতা? তা নিয়েও আরেক প্রস্থ জল্পনা। আবার কি অরিজিৎকে প্লেব্যাকে ফেরানোর জন্য রাজি করাতে এসেছিলেন আমির? গুঞ্জন কিন্তু বলছে অন্য কিছু।
অরিজিতের (Arijit Singh) বাড়িতে অতিথি আমির
শোনা যাচ্ছে, নিজের আসন্ন একটি ছবির গানের জন্যই নাকি জিয়াগঞ্জে এসেছিলেন আমির। তাঁর আসন্ন ‘এক দিন’ ছবিতে একটি গান থাকছে অরিজিতের কণ্ঠে। সেই গানেরই রেকর্ডিং ছিল। আর নিজের সমস্ত ছবির গানের রেকর্ডিংয়েই উপস্থিত থাকেন আমির। এবারেও তাঁর অন্যথা হয়নি।

কী করলেন আমির: গান রেকর্ডিং তো অন্যতম কারণ বটেই, পাশাপাশি গায়কের সঙ্গে এদিন দারুণ সময় কাটান আমির। অরিজিতের বাড়ির ছাদে চুটিয়ে ঘুড়ি ওড়াতেও দেখা যায় তাঁকে। বলিউড তারকাকে দেখতে আশপাশের বাড়ির ছাদগুলিতেও জমে যায় ভিড়। ঘনিষ্ঠ সূত্রের খবর, ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক তারকা এসেছেন অরিজিতের (Arijit Singh) জিয়াগঞ্জের বাড়িতে। ইচ্ছা ছিল আমিরেরও। তিনিও তারকাসুলভ আচরণ ছেড়ে বাড়িতে তৈরি খাবারই নাকি খেয়েছেন।
আরও পড়ুন : কতটা আঁটোসাঁটো হল যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা? বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
আরও গান গাইবেন অরিজিৎ: অরিজিৎ (Arijit Singh) আগেই জানিয়েছিলেন, আগামীতে আরও গান মুক্তি পেতে পারে তাঁর। সলমন খানের ‘ব্যাটল অফ গালওয়ান’এ রয়েছে তাঁর গান। শাহরুখের ‘কিং’ ছবিতেও গান গেয়েছেন অরিজিৎ। আগে থেকে যে গানগুলি গাওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেগুলি গাইবেন বলেই জানিয়েছিলেন অরিজিৎ।
আরও পড়ুন : রেডি রাখুন মোটা সোয়েটার, রাত পোহালেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পাল্টি, ফের নামবে তাপমাত্রা
প্রসঙ্গত, নেটপাড়ায় জোর জল্পনা, অরিজিৎ হয়তো এবার সিনেমা পরিচালনার কাজে হাত পাকাতে চলেছেন। সম্প্রতি একটি ছবিও অরিজিৎ পরিচালনা করেছেন। বলে শোনা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বোলপুরে শুটিং হওয়া ছবিটিতে অভিনয় করেন পঙ্কজ ত্রিপাঠী, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং তাঁর কন্যা শোরা।
















