বাংলাহান্ট ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিপুল জনসমর্থন পেলেও এখনও সরকার গঠনের অনুমতি পেলেন না অভিনেতা-রাজনীতিবিদ বিজয় (Vijay)। বৃহস্পতিবার ফের রাজ্যপাল আরভি আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েও খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে। এর আগে বুধবারও তিনি সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেই দাবি গ্রহণ করেননি রাজ্যপাল। ফলে টানা দ্বিতীয় দিনেও শপথ নেওয়া হল না টিভিকে প্রধানের।
নির্বাচনে জিতেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে পারবেন না বিজয় (Vijay)?
সদ্যসমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে বিজয়ের দল টিভিকে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। কংগ্রেস ইতিমধ্যেই টিভিকেকে সমর্থনের কথা ঘোষণা করেছে। কিন্তু সেই সমর্থন মিলিয়েও সংখ্যার অঙ্কে পিছিয়ে রয়েছে বিজয়ের শিবির। রাজনৈতিক মহলের মতে, এই পরিস্থিতিতে রাজ্যপালের সতর্ক অবস্থান নেওয়াই স্বাভাবিক। কারণ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছাড়া সরকার গঠনের অনুমতি দিলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে।
আরও পড়ুন: জঙ্গি সংগঠনের সঙ্গে চালাচ্ছিলেন সমঝোতা-আলোচনা! পাকিস্তানে ‘টার্গেটেড অ্যাটাক’-এ খতম ধর্মগুরু
সূত্রের খবর, বৃহস্পতিবার লোক ভবনে বৈঠকের সময় বিজয়কে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন রাজ্যপাল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রশ্ন ছিল, মাত্র ১১৩ জন বিধায়কের সমর্থন নিয়ে তিনি কীভাবে স্থায়ী সরকার চালাবেন। পাশাপাশি ভবিষ্যতে কোন কোন দলের সঙ্গে জোট গড়ার পরিকল্পনা রয়েছে, তাও জানতে চাওয়া হয়। জানা গিয়েছে, বিজয় রাজ্যপালকে জানিয়েছেন যে তিনি সিপিএম-সহ কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। একই সঙ্গে তিনি আস্থা ভোটে যেতে প্রস্তুত বলেও জানান। তবে রাজ্যপাল স্পষ্ট করে দেন, আগে ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ দেখাতে হবে।
এদিকে রাজনৈতিক জল্পনা আরও বাড়িয়েছে এআইএডিএমকে-কে ঘিরে পরিস্থিতি। শোনা যাচ্ছে, দলের একাংশ নাকি বিজয়ের সরকারকে সমর্থন জানাতে আগ্রহী। যদিও এই জল্পনা উড়িয়ে দিতে নিজেদের নবনির্বাচিত বিধায়কদের একটি হোটেলে সরিয়ে নিয়ে গিয়েছে এআইএডিএমকে নেতৃত্ব। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনও ভাঙনের সম্ভাবনা নেই এবং সব বিধায়কই দলের সঙ্গেই রয়েছেন। তবু রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সরকার গঠনের অঙ্কে এখনও বড় ভূমিকা নিতে পারে এই দল।

তামিলনাড়ুর রাজনীতিতে এই মুহূর্তে কার্যত টানটান উত্তেজনা। একদিকে বিজয়ের ঐতিহাসিক উত্থান, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতার অভাবে সরকার গঠনে বাধা, দুইয়ের টানাপোড়েনে জমে উঠেছে রাজনৈতিক নাটক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ছোট দল ও নির্দল বিধায়কদের সমর্থন জোগাড় করতে পারলে তবেই সরকার গঠনের রাস্তা খুলতে পারে টিভিকের সামনে। এখন দেখার, বিজয় (Vijay) শেষ পর্যন্ত সংখ্যার অঙ্ক মেলাতে পারেন কি না।













