বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সম্প্রতি আসন্ন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর সেই দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে শ্রেয়স আইয়ারের নাম। তার ডেপুটির ভূমিকায় থাকবেন তিলক ভার্মা (Tilak Varma)। কিন্তু এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে অপমান করা হয়েছে প্রাক্তন ভারতীয় সহ অধিনায়ক অক্ষর প্যাটেলকে (Axar Patel), এমনটাই মনে করছেন ১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ জেতানো ওপেনার ক্রিস শ্রীকান্ত।
প্রাক্তন এই ভারতীয় ওপেনার সরাসরি জানিয়েছেন যে শ্রেয়স আইয়ারকে অধিনায়ক করা নিয়ে তার কোনও আপত্তি নেই। বারবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন শ্রেয়স। ঘরোয়া লিগ ও আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করে ও নেতৃত্ব দিয়ে নিজের জায়গা আদায় করে নিয়েছেন তিনি। কিন্তু তিলক ভার্মাকে সহ-অধিনায়ক পদ দেওয়াটা মানতে পারছেন না তিনি।
শ্রীকান্ত নিজের মত প্রকাশ করতে গিয়ে বলেন, “অক্ষর প্যাটেল টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সহ-অধিনায়ক ছিলেন এবং তিনি এখনও দলেই আছেন। আপনারা কীভাবে তাকে উপেক্ষা করে তিলক ভার্মাকে সহ-অধিনায়ক হিসেবে বেছে নিলেন? এই সিদ্ধান্তের পেছনের যুক্তি আমি বুঝতে পারছি না। তিলক ভার্মা তো আইপিএলেই কোনো দলের নেতৃত্ব দেননি, অথচ অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দিয়ে আসছেন।”
আরও পড়ুন: সূর্যকুমার ও শ্রেয়স আইয়ার প্রসঙ্গে মুখ খুললেন রোহিত! ফাঁস করলেন আসল কারণ
বল হাতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ উইকেট নেন অক্ষর। কৃপণ বোলিং করে প্রতিপক্ষের কাজ কঠিন করে তুলছিলেন তিনি। ফাইনালে ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেলদের ড্রেসিংরুমে ফিরিয়ে ভারতের জয়ের রাস্তা সুগম করেন তিনি। ফলে কেন তাকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরো পড়ুন: শুভমান গিলের কাছ থেকে কি চাইছে ভারতীয় দল? আর T-20 খেলতে পারবেন? সব উত্তর দিলো BCCI
অপরদিকে তিলক ভার্মা বিশ্বকাপ জয়ী দলে থাকলেও মনে রাখার মতো কোনও ইনিংস খেলতে পারেননি। ৯ ম্যাচে ২০৭ রান করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। কিন্তু তারপর আইপিএলে ভালো ফর্মে দেখা গিয়েছিল তাকে। সেই কারণেই বিসিসিআই তাকে সহ-অধিনায়কের দায়ভার দিয়েছে বলে দাবি করছেন অনেকেই।













