বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় এই স্কিম (Government Scheme) চালু হয়েছে। যদিও দেখা গিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় অন্নপূর্ণা যোজনায় উপভোক্তার সংখ্যা অনেকটাই কম। এবার এর কারণ ব্যাখ্যা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন অর্থমন্ত্রী? | (Annapurna Yojana)
সোমবার বিধানসভায় বাজেট পেশ করেছেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী। এরপর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে জিজ্ঞেস করা হয়, অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। হিসেব বলছে, এক কোটির বেশি মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় প্রায় ১ কোটি ২০ লক্ষ মতো কম। এই সংখ্যাটা কি এসআইআরে বাদ গিয়েছে নাকি অন্য কোনও কারণে?
আরও পড়ুনঃ ২০ শতাংশ DA বেড়েছে! এবার সপ্তম বেতন কমিশন নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
জবাবে স্বপন বলেন, “কিছু মানুষ তো বাদ যাবেই। আমরা সর্বজনীন ব্যবস্থা থেকে আর্থিক সামর্থ্য যাচাই ব্যবস্থায় এসেছি। আগে যারা পকেট মানি হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছিলেন, তাঁরা হয়তো এখন বাদ চলে গিয়েছেন। এতে সমস্যা হবে বলে আমার মনে হয় না। ঠিক মতো পরিচালনা করাই চ্যালেঞ্জ”।
বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। যদিও উপভোক্তা নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। কারা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা পাবেন না তা আগেই স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার।

এদিকে বর্তমানে রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনায় আবেদনের কাজ চলছে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করা যাচ্ছে। গত ১ জুন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের লক্ষাধিক মহিলা ৩ হাজার টাকা করে পেয়েছেন। আগামী ১ জুলাই এই প্রকল্পের আরও একটি কিস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

















