বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে এক মাস আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) সকলকে জানিয়ে দিয়েছিলেন যে অক্টোবর মাসে ভারতের মাটিতে ভারতীয় দলের (Indian Football Team) বিরুদ্ধে কলকাতার (Kolkata) মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। কিন্তু বঙ্গ ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর এখানেই শেষ হচ্ছে না। এই ম্যাচের ঠিক তিনদিন পরেই ১৯৩০ ও ১৯৫০ সালে বিশ্বকাপ জেতা দেশ উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধেও একটি ম্যাচ খেলবে খালিদ জামিলের ভারত।
বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা করে এই বিষয়টি নিশ্চিত করেছে এআইএফএফ। এর ফলে একটি নির্দিষ্ট আন্তর্জাতিক ফুটবল উইন্ডোতে একসঙ্গে দুই দুইটি ফুটবল দলের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। আনোয়ার আলী, সাহাল আব্দুল সামাদের মতো তারকা ভারতীয় খেলোযাড়রা ভিনিসিয়স জুনিয়র, ফেডে ভালভার্দের মতো বিশ্ব ফুটবলের সেরা তারকাদের বিরুদ্ধে কেমন পারফরম্যান্স করে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা।

আর শুধুমাত্র ব্রাজিল বা উরুগুয়ে নয়, এই নির্দিষ্ট ইন্টারন্যাশনাল ব্রেকে দুইবার বিশ্বকাপে অংশগ্রহণ করা উত্তর আমেরিকার দেশ পানামারও মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচটির কথা বুধবারই নিশ্চিত করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু ম্যাচটির ভেন্যু ঘোষণা করা হয়নি এর আগে। আজ সেই তথ্যও সামনে এসেছে। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে এই দেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬শে সেপ্টেম্বর।
কিন্তু এই টুর্নামেন্টের জন্য ভারতীয় দল ২০২৬ সালে আয়োজিত হতে চলা আশিয়ান কাপ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে আরম্ভ হবে এই টুর্নামেন্ট। প্রতিযোগিতাটি চলবে অক্টোবর মাসের ৬ তারিখ অবধি। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল ব্রাজিল ও অন্যান্য দেশগুলির সাথে ফ্রেন্ডলি খেলার পাশাপাশি এই টুর্নামেন্টেও অংশ নেবে ভারত। কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এআইএফএফ।
ভারতের পরিবর্তে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ। ভারতের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক ফুটবলে সমমানের দেশগুলি থাকছে এই টুর্নামেন্টে। মাঠে নামবে প্রতিবেশী দেশ পাকিস্তানও। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেই প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা পুরস্কার পেতো ভারত। তার পাশাপাশি প্রতিটি জয়ের জন্য থাকতো আলাদা আর্থিক পুরস্কার। নিজেদের সমমানের দলের বিরুদ্ধে খেলে নিজেদের শক্তি সঠিক পরীক্ষাও করতে পারতো ভারত। তার বদলে কোটি কোটি টাকা খরচ করে ব্রাজিল, উরুগুয়ের মতো অসীম শক্তিশালী দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেক ফুটবল বিশেষজ্ঞই।













