গায়ক অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডে বড় অ্যাকশন! পুলিশের এনকাউন্টারে মৃত্যু সন্দেহভাজন ২ শুটারের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: হরিয়ানভি সঙ্গীতজগতের পরিচিত মুখ তথা ইউটিউবার অঙ্কিত বালিয়ান (Ankit Baliyan Murder Case) হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় মোড় এসেছে। সোমবার ভোরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) শামলি জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে দুই সন্দেহভাজন শুটারের। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুমিত ও মোহিত। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছে প্রশাসন। পুলিশের দাবি, নাকা চেকিংয়ের সময় বাইকে করে আসা দু’জনকে থামানোর চেষ্টা করা হলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পালটা জবাব দেয় পুলিশ। সেই সংঘর্ষেই দু’জনের মৃত্যু হয়। ঘটনায় দুই পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

গায়ক অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডে (Ankit Baliyan Murder Case) পুলিশের এনকাউন্টারে মৃত্যু সন্দেহভাজন ২ শুটারের

ঘটনার সূত্রপাত গত বুধবার সন্ধ্যায়। শামলির কোতোয়ালি এলাকায় জিম থেকে শরীরচর্চা সেরে বেরোনোর সময় অঙ্কিত বালিয়ানকে লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তাঁকে লক্ষ্য করে পরপর প্রায় ২০ রাউন্ড গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় অঙ্কিতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জনপ্রিয় এই শিল্পীর হত্যাকাণ্ড ঘিরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তে বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ গঠন করে উত্তরপ্রদেশ পুলিশ। এরপর থেকেই হামলাকারীদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয় (Ankit Baliyan Murder Case)।

আরও পড়ুন:সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? ‘আন্ডার প্রসেস’রা পাবেন কিনা জানুন

তদন্তের মাঝেই আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সমাজমাধ্যমে একটি পোস্ট করে অঙ্কিতকে হত্যার দায় স্বীকার করে ‘গোগী গ্যাং’। গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর সঙ্গে যুক্ত এই গোষ্ঠীর দাবি, রোহিণী আদালতের ভিতরে খুন হওয়া জিতেন্দ্র গোগীকে নিয়ে একটি গান তৈরি করেছিলেন অঙ্কিত। সেই কারণেই তাঁকে নিশানা করা হয়েছে বলে পোস্টে দাবি করা হয়। যদিও এই দাবির সত্যতা এবং হত্যাকাণ্ডের সঙ্গে গোষ্ঠীটির প্রত্যক্ষ যোগ কতটা, তা তদন্ত করে দেখছে পুলিশ। এরই মধ্যে দুই সন্দেহভাজনের এনকাউন্টারে মৃত্যু হওয়ায় তদন্ত আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, রবিবার রাত থেকেই শামলিতে ঢোকা ও বেরোনোর গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছিল। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানোর পাশাপাশি সন্দেহজনক যানবাহনের উপরও নজর রাখা হচ্ছিল। সোমবার ভোর চারটে নাগাদ কারনালের দিক থেকে একটি বাইকে দু’জনকে আসতে দেখা যায়। পুলিশ তাঁদের থামানোর চেষ্টা করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের দাবি, বাইকে থাকা দু’জন গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর শুরু হয় গুলির লড়াই। পুলিশের পালটা গুলিতে সুমিত ও মোহিত আহত হন এবং পরে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনায় আহত দুই পুলিশকর্মীর চিকিৎসাও চলছে।

2 suspected shooters killed in police encounter in singer Ankit Baliyan murder case

আরও পড়ুন: দিঘা-পুরীর ভিড় নয়! হাতে সময় কম থাকলে প্রিয়জনের সঙ্গে ঘুরে আসুন হি বারমিওক

অঙ্কিত বালিয়ানের (Ankit Baliyan Murder Case) জীবনও ছিল যথেষ্ট বৈচিত্র্যময়। শামলির বান্টিখেড়া গ্রামের বাসিন্দা অঙ্কিত একসময় রাজ্যস্তরে কাবাডি খেলোয়াড় হিসেবে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু চোটের কারণে সেই কেরিয়ার থেমে যায়। এরপরই সঙ্গীতের জগতে পা রাখেন তিনি এবং ধীরে ধীরে হরিয়ানভি গানের পরিচিত মুখ হয়ে ওঠেন। গায়ক, গীতিকার ও সুরকার হিসেবে ৫০টিরও বেশি গানের সঙ্গে যুক্ত ছিলেন অঙ্কিত। তাঁর জনপ্রিয়তার পাশাপাশি ইউটিউবেও ছিল যথেষ্ট পরিচিতি। পুলিশ মনে করছে, এই হত্যাকাণ্ডে মোট চারজন শুটার সরাসরি যুক্ত ছিল এবং আরও দু’জন আগে থেকে এলাকায় রেইকি করেছিল। ইতিমধ্যে দু’জনের মৃত্যু হলেও বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। ফলে অঙ্কিত বালিয়ান হত্যার নেপথ্যে থাকা পুরো চক্রের সন্ধান পাওয়াই এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য।