অঙ্গনওয়াড়ির উন্নয়নে ঢালাও বরাদ্দ! ICDS কর্মীদের বেতন বৃদ্ধি সহ একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ক্ষমতায় আসার পরেই অঙ্গনওয়াড়ি কর্মীদের (ICDS Worker) মাসিক ভাতা বাড়িয়েছে বিজেপি সরকার। একধাক্কায় পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে। এবার অঙ্গনওয়াড়ির উন্নয়নে আরও একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের সব আইসিডিএস কেন্দ্রে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সহ বেশ কিছু ঘোষণা করেছেন তিনি।

অঙ্গনওয়াড়ির উন্নয়নে ঢালাও বরাদ্দ রাজ্যের | (Suvendu Adhikari)

সোমবার পানিহাটিতে ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেখানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে বাংলার সব আইসিডিএস কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

আরও পড়ুনঃ হাতে ৪ মাস সময়! তৃণমূলের নাম-প্রতীক নিয়ে সিদ্ধান্ত নিতে কমিশনকে ডেডলাইন সুপ্রিম কোর্টের

পাশাপাশি শুভেন্দু জানান, গত অগাস্ট মাস থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বর্ধিত বেতন কার্যকর হয়েছে। প্রত্যেক মাসে অতিরিক্ত পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ‘দিদি’দের আয়ুষ্মান ভারত যোজনার অধীন নিয়ে আসা হয়েছে। এর ফলে দেশের একাধিক নামী সরকারি ও বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালে বার্ষিক পাঁচ লাখ টাকা অবধি ফ্রি চিকিৎসার সুযোগ পাবেন তাঁরা।

এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবারের বরাদ্দ আট টাকা করে দেওয়া হয়েছে। গর্ভবতী ও প্রসূতি মায়েদের খাবারের বরাদ্দও চোদ্দ টাকা করে দেওয়া হয়েছে। বর্তমানে বাংলার প্রায় ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাড়া বাড়িতে চলছে। আগামীদিনে এগুলিকে সরকারের নিজস্ব ভবনে স্থানান্তর করা হবে ও এর জন্য রাজ্যের তরফে প্রয়োজনীয় টাকাও বরাদ্দ করা হয়েছে।

suvendu adhikari(17)

এদিনের অনুষ্ঠান থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের ভূয়সী প্রশংসা করেন নীতিন নবীনও। তিনি বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরাই শিশুদের জীবনের প্রথম গুরু। মূলত তাঁদের হাতেই দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।