বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ভোটার তালিকা নিয়ে। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশের আগেই নির্বাচন ঘোষণা করা হয়েছে কেন সেই প্রশ্ন তুলে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিল সিপিএম (CPIM)।
ভোটের নির্ঘণ্ট নিয়ে আপত্তি সিপিএমের (CPIM)
রবিবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কিন্তু সেই ঘোষণার পরই আপত্তি তোলে সিপিএম (CPIM)। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ভোটের তারিখ ঘোষণা করা হলে বহু মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হতে পারে।সেলিমের অভিযোগ, এই ৬০ লক্ষ মানুষ শুধু ভোট দেওয়া থেকেই বঞ্চিত হচ্ছেন না, তাঁদের নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকারও প্রশ্নের মুখে পড়ছে। তিনি বলেন, যদি পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়, তাহলে ভোট দেওয়ার সুযোগ হয়তো থাকবে, কিন্তু প্রার্থী হওয়ার সুযোগ কোথায় থাকবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
সিপিএমের (CPIM) দাবি, তারা আগেই নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি তুলে ধরেছিল। দলের বক্তব্য ছিল, সম্পূর্ণ ভোটার তালিকা চূড়ান্ত না করে ভোট ঘোষণা করলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই এবার বিষয়টি নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। এদিকে একই ইস্যু নিয়ে সরব হয়েছেন আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীও। তাঁর বক্তব্য, বিচারাধীন তালিকায় থাকা ভোটারদের মধ্যে কেউ যদি প্রার্থী হতে চান, তাহলে তাঁদের কী হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনও স্পষ্ট নির্দেশিকা নেই।
নওশাদ আরও বলেন, ৬০ লক্ষ মানুষের নাম এখনও নিষ্পত্তি না হওয়া অবস্থায় ভোট ঘোষণা হলে গণতন্ত্রের উৎসব অসম্পূর্ণ থেকে যাবে। এই বিষয়টি নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরব হওয়ার আবেদনও জানিয়েছেন তিনি। প্রয়োজনে ভোট বয়কটের ডাক দেওয়ার কথাও বলেছেন। সূত্রের খবর, খুব শিগগিরই একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতে পারে। জানা গেছে, বিচারাধীন ৬০ লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই প্রায় ১৭ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৬ কোটি ৪৪ লক্ষ ভোটারের নাম ছিল।

আরও পড়ুনঃ দলের সিদ্ধান্ত উপেক্ষা? রাষ্ট্রপতির প্রাতঃরাশ অনুষ্ঠানে পৌঁছে বিতর্কের মুখে সৌগত রায়
এর আগে প্রথম পর্যায়ে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সময়ই আরও প্রায় ৬০ লক্ষ ভোটারকে ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়। এই পরিস্থিতিতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যে। এই অবস্থায় এখন সিপিএম সুপ্রিম কোর্টে (CPIM) কী আর্জি জানাতে চলেছে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল












