‘শয়তান আর নেই’, খামেনেইয়ের মৃত্যুতে ওয়াশিংটন থেকে প্রতিক্রিয়া ইরানের প্রাক্তন যুবরাজের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: ইরানের নির্বাসিত প্রাক্তন রাজকীয় উত্তরাধিকারী রেজা পাহলভি (Reza Pahlavi)  বর্তমানে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন ধরেই পাহলভি পরিবার ইরানে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে সরব হয়েছে এবং দেশবাসীকে আন্দোলনে নামার আহ্বান জানিয়ে আসছে। একই সঙ্গে ওয়াশিংটনের কাছেও তারা আয়াতোল্লাহ শাসনের বিরুদ্ধে আরও দৃঢ় পদক্ষেপের দাবি জানিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ অভিযানে নিহত হওয়ার পর রেজা পাহলভির ভবিষ্যৎ ভূমিকা কী থাকবে এবং তিনি ইরানে ফেরার চেষ্টা করবেন কি না, তা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে জল্পনা তীব্র হয়েছে।

খামেনেইয়ের মৃত্যুতে প্রতিক্রিয়া ইরানের প্রাক্তন যুবরাজ পাহলভির (Reza Pahlavi)

এর আগে ইরানের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় রেজা পাহলভি খামেনেইর কড়া সমালোচনা করেন। তিনি দাবি করেন, খামেনেই সাম্প্রতিক সময়ে হাজার হাজার ইরানির বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের নির্দেশ দিয়েছিলেন। তাঁর মতে, খামেনেইর মৃত্যু ইসলামী প্রজাতন্ত্রের পতনের সূচক হতে পারে। তিনি লেখেন, শাসকগোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের মৃত্যুর পর বর্তমান অরাজকতার, জনগণের সাহস ও ঐক্যই  অবসান ঘটাবে।

আরও পড়ুন: ৪০ বার ব্যর্থ হয়েও বজায় ছিল জেদ! কঠোর পরিশ্রমে সরকারি আধিকারিক হয়ে নজির গড়লেন মনোজ

প্রাক্তন যুবরাজ সরাসরি প্রশাসনের অবশিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, তারা যেন “ইরানি জাতির কাছে আত্মসমর্পণ” করেন এবং ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেন। তাঁর দাবি, খামেনেইর উত্তরসূরি নিয়োগের যেকোনও প্রচেষ্টা করে কোনও লাভ হবে না এবং তা ব্যর্থ হতে বাধ্য। তিনি আরও বলেন, নতুন করে কাউকে বসানো হলেও তাকে শাসকগোষ্ঠীর অপরাধ থেকে আলাদা হিসেবে দেখা হবে না। পাহলভির ভাষায়, দেশকে একটি রূপান্তর কাঠামোর দিকে নিয়ে যেতে হলে অবশিষ্ট প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর সমর্থন জরুরি।

রেজা পাহলভি সেনাবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর প্রতিও আহ্বান জানান। তাঁর মতে, অস্ত্র ব্যবহার করা উচিত দেশের জনগণকে রক্ষার জন্য, বর্তমান শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য নয়। তিনি “সিংহ ও সূর্য” প্রতীকের উল্লেখ করে একটি নতুন জাতীয় পুনর্জাগরণের আহ্বান জানান এবং ৪৭ বছরের শাসনকে “দুঃস্বপ্ন” বলেও আখ্যা দেন। তাঁর মতে, খামেনেইর মৃত্যু শোকাহত পরিবারগুলির কাছে কিছুটা সান্ত্বনা আনতে পারে, যদিও তা অতীতের ক্ষত মুছে দিতে পারবে না।

Former Iranian Crown Prince Reza Pahlavi reacts to Khamenei's death
ইরানের প্রাক্তন যুবরাজ রেজা পাহলভি

আরও পড়ুন: বাড়ানো হবে তেল উৎপাদন! ইরান-ইজরায়েলের যুদ্ধের মধ্যে বড় ঘোষণা OPEC+-এর

বিদেশে বসবাসকারী ইরানিদের প্রতিও তিনি আবেদন জানান, যাতে তারা আন্তর্জাতিক জনমত সংগঠিত করতে আরও সক্রিয় ভূমিকা নেন। দেশের ভিতরে জনগণকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও উপস্থিতি জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর বার্তার শেষে তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইসলামী প্রজাতন্ত্রের পতন সম্ভব এবং “ইরান দীর্ঘজীবী হোক” বলেই বক্তব্য শেষ করেন।