বাংলা হান্ট ডেস্ক: সমকাজে সমবেতনের দাবিতে আইসিটি শিক্ষকদের বিক্ষোভ (Teacher’s Protest) লেক টাউনে। পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি থেকে কিছুটা দূরে আইসিটি ( ICT) শিক্ষকরা ঐক্য মঞ্চ করেছেন। ষষ্ঠ ও সপ্তম ফেজের কম্পিউটার শিক্ষকরা, এই ঐক্যমঞ্চে জমায়েত হয়েছেন। তাদের বক্তব্য আইসিটির প্রথম থেকে পঞ্চম ফেজে যারা নিয়োগ হয়েছেন, তাঁরা ২৫ থেকে ৩০ হাজার পর্যন্ত বেতন পান, কিন্তু ষষ্ঠ ও সপ্তম ফেজে যাদের নিয়োগ করা হয়েছে, তারা খুবই কম বেতন পায়। অথচ স্কুলগুলোতে কম্পিউটারের সমস্ত কাজ তারাই করেন বলে দাবি জানান বিক্ষোভকারীরা।
আইসিটি শিক্ষকদের বিক্ষোভ (Teacher’s Protest) ব্রাত্য বসুর বাড়ির কাছে:
আন্দোলনকারীদের দাবি, তাঁদের বেতনও রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়। একজন আইসিটি আন্দোলনকারী শিক্ষক নাসির উদ্দিন লস্কর বলেন ‘পাঁচ বছর ধরে বঞ্চিত আমরা। আমাদের দাবি একটাই, সমকাজে সমবেতন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার একটা প্রজেক্ট করেছিল। নয় হাজার তিনশো দশ জনকে চাকরি দেওয়া হয়েছে। প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক ২০২০ সাল থেকে ২৫-৩০ হাজার টাকা করে স্যালারি পান। অথচ ২০২১ সালে আমরা নিয়োগ পাই। আমাদের বেতন ৭৯৫৯ টাকা। আমরা সমকাজ করি, একইভাবে নিয়োগ, তারপরেও এই বৈষম্য।’
তাঁরা দাবি তুলেছেন আগের ফেজগুলির যেমন সরকারিকরন হয়েছে, বেতন ২৫ থেকে ৩০ হাজার টাকা করা হয়েছে। তাদের জন্যও সেটা করা হোক। তারা এই দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। তাদের দাবি কেন্দ্র ও রাজ্য সরকারি স্কুল গুলিতে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়ার জন্য ২০১২ সাল থেকে আইসিটি শিক্ষক নিয়োগ করছে সরকার।
আরও পড়ুন:রক্ত দেওয়ার পর প্রথম একদিন শরীরে ঠিক কী পরিবর্তন হয়? সুস্থ থাকতে যা জানা জরুরি
ডিজিটাল স্মার্ট ক্লাস পরিচালনার ভার থাকে তাদের উপরে। ২০১৮ সালের মধ্যে পাঁচ হাজার পাঁচশো এগারো জনকে নিয়োগ করা হয়েছে। ২০২০ সাল থেকে তারা সরকারি সুযোগ-সুবিধাও পান। তাহলে কেন সপ্তম ও ষষ্ঠ ফেজের শিক্ষকরা এই সুবিধা পাবে না, সেটা নিয়েই তারা এই আন্দোলনে সামিল হয়েছে।
আরও পড়ুন:ব্যারাকপুরে বৃদ্ধকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর

সামনেই বিধানসভা ভোট। সেই ভোটের আগে তাঁরা তাঁদের দাবি দাওয়া নিয়ে সরকারের সামনে পেশ করতে চলেছেন। একজন আন্দোলনকারী শিক্ষক শাহবুদ্দিন লস্কর বলেন, ‘সামনেই নির্বাচন, আমাদের ভোট যাতে বয়কট করতে না হয় সেদিকে খেয়াল রাখবেন’। অন্যদিকে আরেক আইসিটি শিক্ষিকা শর্মিষ্ঠা রায় বিশ্বাসের কথায়, ‘আমরা আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। তার সঙ্গে দেখা করতে পারিনি। আমরা নানাভাবে চেষ্টা করছি। কিন্তু সুরাহা পাচ্ছি না।’ এখন সরকার এ ব্যাপারে কী পদক্ষেপ নেন সেটাই দেখার বিষয়।












