বাংলাহান্ট ডেস্ক: উত্তরপ্রদেশের মিরাটে চালু হতে চলেছে ভারতের দ্রুততম মেট্রো (Fastest Metro) পরিষেবা। সূত্রের খবর, এই মেট্রোর সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার, যা দেশের মেট্রো পরিষেবায় নতুন রেকর্ড গড়তে চলেছে। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গেছে। রেল কর্তৃপক্ষের আশা, এই পরিষেবা চালু হলে মিরাট শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছতে সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং যাতায়াত আরও দ্রুত ও স্বচ্ছন্দ হবে।
ভারতের দ্রুততম মেট্রো (Fastest Metro) ছুটবে উত্তর প্রদেশের মিরাটে
নতুন মেট্রোটি মিরাট দক্ষিণ থেকে মোদিপুরম পর্যন্ত মোট ২১ কিলোমিটার পথ অতিক্রম করবে। এই রুটে থাকছে মোট ১২টি স্টেশন এবং সবকটি স্টেশনে দাঁড়িয়েও পুরো পথ পেরোতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হল, এই মেট্রো প্রথমবারের মতো সেমি-হাই-স্পিড নমো ভারত ট্রেনের ট্র্যাক ও পরিকাঠামো ব্যবহার করবে। যাত্রীদের সুবিধার্থে স্টেশনগুলিতে দু’টি পৃথক প্ল্যাটফর্ম থাকবে, যাতে আন্তঃনগর ও স্থানীয় যাত্রীদের যাতায়াতে কোনও অসুবিধা না হয়। মিরাট দক্ষিণ স্টেশনে নেমে যাত্রীরা সরাসরি দিল্লিগামী পরিষেবাও ধরতে পারবেন।
আরও পড়ুন: সোনা-রুপোর ব্যবসা ছেড়ে ইউটিউব ও চাষাবাদেই বাজিমাত! প্রতিবছর ২৫ লক্ষ টাকা আয় সন্তোষের
এই মেট্রোর কোচগুলি স্টেইনলেস স্টিলের তৈরি এবং তুলনামূলকভাবে হালকা, ফলে গতি ও শক্তি সাশ্রয় দুটোই সম্ভব হবে। প্রতিটি ট্রেনে থাকবে তিনটি কোচ এবং একসঙ্গে ৭০০-র বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। সব কামরাই শীতাতপ নিয়ন্ত্রিত। আরামদায়ক আসনের পাশাপাশি দাঁড়িয়ে যাতায়াতেরও সুব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীসুবিধার জন্য USB চার্জিং পোর্ট, লাগেজ র্যাক, মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত আসনের মতো আধুনিক সুযোগ-সুবিধাও থাকবে।
নিরাপত্তার দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেনগুলিতে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম ও অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রতিটি স্টেশন ও কামরায় সিসিটিভি নজরদারি থাকবে। দুর্ঘটনা রোধে সব স্টেশনে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর বসানো হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য লিফ্ট, হুইলচেয়ার চলাচলের ব্যবস্থা এবং স্ট্রেচার রাখার নির্দিষ্ট স্থানও রাখা হয়েছে, যাতে সবাই সমানভাবে পরিষেবার সুবিধা নিতে পারেন।

আরও পড়ুন: ভোটে কে জিতবে? আসন বাড়বে না কমবে? বড় ভবিষ্যদ্বাণী মমতার
উল্লেখ্য, লখনউ, কানপুর, নয়ডা ও গ্রেটার নয়ডার পর মিরাট হবে উত্তরপ্রদেশের পঞ্চম শহর, যেখানে মেট্রো পরিষেবা চালু হচ্ছে। এতদিন দেশের দ্রুততম মেট্রো হিসেবে পরিচিত ছিল দিল্লি এয়ারপোর্ট এক্সপ্রেস, যার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। এবার ১২০ কিলোমিটার গতিবেগ নিয়ে সেই রেকর্ড ভাঙতে চলেছে মিরাট মেট্রো, যা দেশের নগর পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে।












