বাংলাহান্ট ডেস্ক : শহরে দিনদিন বাড়ছে জনসংখ্যার চাপ। কলকাতা, হাওড়া সহ সংলগ্ন এলাকাগুলিতে গাড়ির চাপও বাড়ছে দ্রুত। যানজটের কারণে নিত্যদিনের যাতায়াতে সমস্যায় পড়ছে মানুষ। তাই বিকল্প হিসেবে জলপথে পরিবহনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এবার সেই লক্ষ্যে গঙ্গার ধারে অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল (Passenger Terminal) তৈরির পরিকল্পনা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে।
অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল (Passenger Terminal) তৈরি করছে রাজ্য সরকার
ইতিমধ্যেই নাকি টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এরপরেই নির্মাণের বরাত দেওয়া হবে। বিষয়টির তত্ত্বাবধানে রয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেড। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা মেট্রোপলিটন এলাকার আওতায় থাকা হুগলি নদীর তীরে তৈরি হবে এই প্যাসেঞ্জার টার্মিনাল।

কেমন হবে এই টার্মিনাল: জানা যাচ্ছে, কলকাতা বা হাওড়ায় যেমন ফেরিঘাট রয়েছে তার থেকে অনেক বেশি আধুনিক হতে চলেছে এই প্রস্তাবিত প্যাসেঞ্জার টার্মিনাল (Passenger Terminal)। যাত্রীদের ওঠানামার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। বিশেষ টিকিট কাউন্টারের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি যাত্রীদের অপেক্ষা করার জন্য ব্যবস্থা করা হবে বড়সড় ওয়েটিং এরিয়ার। সূত্রের খবর, বর্তমানে রাস্তায় যেভাবে যানজট বৃদ্ধি পেয়েছে তার জেরে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এই সমস্যা থেকে মুক্তি পেতেই জলপথে পরিবহনে জোর দেওয়া হচ্ছে। সেই কারণেই জেটি, টার্মিনালের মতো পরিকাঠামোগুলিকে ঢেলে সাজানো হচ্ছে।
আরও পড়ুন : থেকেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষী, রাজ্য পুলিশের নয়া ডিজি পীযূষ পাণ্ডের আসল পরিচয় জানেন?
কেন এই উদ্যোগ: এ বিষয়ে রাজ্য পরিবহন কর্তারা বলেন, জলপথ পরিবহনে খরচ যেমন কম হয়, তেমনই পরিবেশ দূষণও অনেক নিয়ন্ত্রণে রাখা যায়। আগামীদিনে পরিবহণের ক্ষেত্রে জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সে কথা মাথায় রেখেই রাজ্য সরকার জলপথ পরিবহণে জোর দিচ্ছে।
আরও পড়ুন : ৬ বছর পর ছাড় ফিরছে রেলের টিকিটে? বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণার সম্ভাবনা
আধিকারিকরা আরও জানান, যাতায়াতের করিডর হিসেবে হুগলি নদীকে ভালোভাবে ব্যবহার করতে দীর্ঘদিন ধরেই উদ্যোগ নিয়ে চলেছে রাজ্য সরকার। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই হুগলি নদীর তীরে এই অত্যাধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য প্রায় ৪২.৬ কোটি টাকা খরচ ধরা হয়েছে বলে খবর।













