ইরান যুদ্ধের মাঝে একী কাণ্ড! এবার জাপান সাগরের দিকে মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

Published on:

Published on:

North Korea fires missile toward the Sea of ​​Japan.
Follow

বাংলাহান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়াল এবার পূর্ব এশিয়ায়। ১৪ মার্চ বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, উত্তর কোরিয়া (North Korea) জাপান সাগরের দিকে একাধিক মিসাইল উৎক্ষেপণ করেছে। এই ঘটনার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফ অফ স্টাফ। তাদের দাবি, এক বা দুটি নয়, অন্তত ১০টি মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। ঠিক কী ধরনের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি।

জাপান সাগরের দিকে মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া (North Korea)

জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর প্রায় ১ টা ২০ মিনিট নাগাদ প্রথম মিসাইলটি শনাক্ত করা হয়। উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে এই উৎক্ষেপণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মিসাইলগুলো পূর্ব দিকের সমুদ্রের দিকে, অর্থাৎ জাপান সাগরে বা ইস্ট সি-র দিকে এগিয়ে যায়। ঘটনাটি সামনে আসতেই দক্ষিণ কোরিয়া পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজরদারি শুরু করেছে।

আরও পড়ুন: যুদ্ধের আবহে ক্রমশ কমছে সোনা-রুপোর দাম! বিনিয়োগের প্রসঙ্গে কী পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মিসাইল উৎক্ষেপণের আগে উত্তর কোরিয়া ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছিল। সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালাচ্ছে, যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, এই ধরনের মহড়া চলতে থাকলে তার পরিণতি ভালো হবে না। বিশ্লেষকদের মতে, সেই সতর্কবার্তার পরই এই মিসাইল উৎক্ষেপণকে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার পর দক্ষিণ কোরিয়া একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে মিসাইল লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে, তবে বিস্তারিত তথ্য তখনও প্রকাশ করা হয়নি। মিসাইলগুলোর সুনির্দিষ্ট ধরন, তাদের রেঞ্জ বা প্রযুক্তিগত ক্ষমতা সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। পরিস্থিতি মূল্যায়নের জন্য দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এবং নজরদারি ব্যবস্থাকে আরও সতর্ক রাখা হয়েছে।

North Korea fires missile toward the Sea of ​​Japan.

 

আরও পড়ুন: রোহিত-বিরাট নয়! BCCI-র বিশেষ পুরস্কার পাচ্ছেন এই খেলোয়াড়রা

এদিকে জাপান কোস্ট গার্ড জানিয়েছে, উৎক্ষেপিত ব্যালিস্টিক মিসাইলগুলো জাপান সাগরের জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে সমুদ্রের উপর গিয়ে পড়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে জাপান ইতিমধ্যেই একটি জরুরি প্রতিক্রিয়া দল পাঠিয়েছে। আপাতত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কোরিয়া উপদ্বীপ ও জাপান সাগর অঞ্চলে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।